সিরিজে এগিয়ে যেতে মরিয়া ভারত ও দ. আফ্রিকা

0
55

প্রথম দুই ম্যাচ শেষে সিরিজ সমতায়। জয় দিয়ে পাঁচ ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে যেতে মরিয়া ভারত ও দক্ষিণ আফ্রিকা।

ধর্মশালায় সিরিজের তৃতীয় ম্যাচটি শুরু হবে রোববার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

১০১ রানের বড় জয় দিয়ে সিরিজ শুরু করে ভারত। ভারতের বোলিং তোপে ১২ দশমিক ৩ ওভারে ৭৪ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ম্যাচে ওপেনার কুইন্টন ডি ককের হাফ-সেঞ্চুরিতে ৪ উইকেটে ২১৩ রানের পাহাড় গড়ে দক্ষিণ আফ্রিকা। ব্যাটারদের ব্যর্থতায় ৫ বল বাকী থাকতে ১৬২ রানে অলআউট হয় ভারত।

দ্বিতীয় ম্যাচের ব্যর্থতা ভুলে জয়ের ধারায় ফিরতে চায় ভারত। দলের মিডল অর্ডার ব্যাটার তিলক বলেন, ‘দ্বিতীয় ম্যাচে আমরা সব বিভাগেই ব্যর্থ হয়েছি। তবে আমাদের ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে। তৃতীয় ম্যাচেই জয় পেতে মরিয়া পুরো দল। জয়ের লক্ষ্য নিয়েই আমরা মাঠে নামব।’

তৃতীয় ম্যাচে জয়ের লক্ষ্য দক্ষিণ আফ্রিকারও। আক্রমণাত্মক ক্রিকেট খেলে জয়ের ধারা অব্যাহত রাখতে চান প্রোটিয়া অধিনায়ক আইডেন মার্করাম, ‘দ্বিতীয় ম্যাচে শুরু থেকেই আমরা আক্রমণাত্মক ক্রিকেট খেলেছি। এই ধারা অব্যাহত রেখে জয়ের ধারায় থাকতে চাই। তিন বিভাগে ভালো খেলতে পারলে আমরা জয়ের ব্যাপারে আশাবাদী।’

টি-টোয়েন্টিতে এ পর্যন্ত ৩৩ ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকা। এরমধ্যে ভারতের জয় ১৯ ম্যাচে এবং দক্ষিণ আফ্রিকা জিতেছে ১৩ ম্যাচে। ১টি ম্যাচ পরিত্যক্ত হয়।