নওগাঁয় লাঙল দিয়ে ভাঙা হলো জাতীয় পার্টির অফিস

0
63

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগ তুলে নওগাঁয় জাতীয় পার্টির এক গোপন মিটিং পণ্ড করে দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ) নওগাঁ জেলা শাখার শিক্ষার্থীরা। এসময় জাতীয় পার্টির কার্যালয় হিসেবে ব্যবহৃত একটি অফিস কক্ষে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে নওগাঁ শহরের উপকিল পাড়ায় দলটির জেলা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট তোফাজ্জল হোসেনের অফিসে এ ঘটনা ঘটে। অফিসটি স্থানীয়ভাবে জাতীয় পার্টির কার্যালয় হিসেবে পরিচিত ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে জেলা কমিটির আহ্বায়ক তোফাজ্জল হোসেনের বাসায় মিটিংয়ের উদ্দেশ্যে জাতীয় পার্টির কয়েকজন নেতা–কর্মী জড়ো হন। বিষয়টি টের পেয়ে সেখানে হাজির হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এবং সরকারবিরোধী ও ‘ষড়যন্ত্রবিরোধী’ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জাতীয় পার্টির উপস্থিত নেতাকর্মীরা সটকে পড়েন।

পরে ছাত্রজনতা অফিস কক্ষে ঢুকে দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের বেশ কয়েকটি ছবি, দলীয় প্রতীক লাঙলসহ আসবাব ও অন্যান্য সামগ্রী ভাঙচুর করে। একপর্যায়ে এসব জিনিসপত্রের কিছুতে আগুন ধরিয়ে দেওয়া হয় বলেও প্রত্যক্ষদর্শীরা জানান।

ঘটনাস্থলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নওগাঁর নেতা ফজলে রাব্বি, আরমান হোসেন, সাদনান সাকিব, রাফিউল বারি রাজন, রেজোয়ান, রাফিসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নওগাঁ শাখার নেতা ফজলে রাব্বি বলেন, ‘নওগাঁকে অস্থিতিশীল করার জন্য আজকে তারা মিটিং করছিল। সে খবর পেয়ে আমরা ছাত্রজনতা তাদের এই গোপন বৈঠকে বাধা দিয়েছি। আমাদের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়।’

তিনি আরও অভিযোগ করেন, ‘জাতীয় পার্টি বিগত ১৭ বছর ধরে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট হতে সর্বোচ্চ সহযোগিতা করেছে। তারা আওয়ামী লীগের সব নির্বাচনকে বৈধতা দিয়েছে। ৫ আগস্টের পর থেকে তারা দেশবিরোধী বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের কোনো কার্যক্রম বাংলাদেশে হতে পারে না।’

ঘটনা সম্পর্কে জাতীয় পার্টির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য জানানো হয়নি।