ওসমান হাদির শারীরিক অবস্থার সর্বশেষ আপডেট

0
60

গুলশানে হামলায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদি বর্তমানে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার ব্রেন সক্রিয় করার জন্য অপারেশনের প্রয়োজন বলে জানা গেছে, তবে তার শরীর সম্পূর্ণ স্থিতিশীল হওয়ার অপেক্ষায় রয়েছে চিকিৎসকরা।

বুধবার (১৭ ডিসেম্বর) ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য জানানো হয়।

ফেসবুক পোস্ট এবং চিকিৎসকদের তথ্য অনুযায়ী, হাদির বর্তমান অবস্থা:

ফেসবুক পোস্টে জানানো হয়, ‘শরিফ ওসমান হাদির স্বাস্থ্য স্থিতিশীল হওয়ার অপেক্ষায় রয়েছে। অপারেশনের জন্য প্রস্তুত করতে হলে প্রথমে শরীরকে সম্পূর্ণভাবে স্থিতিশীল করতে হবে। চিকিৎসা সিঙ্গাপুর অথবা ইংল্যান্ড—যেকোনো স্থানে হতে পারে। ব্রেন সক্রিয় করার জন্য অপারেশন প্রয়োজন। বর্তমানে মূল লক্ষ্য হলো শরীর ও ব্রেনের মধ্যে সংযোগ পুনঃস্থাপন করা। ব্রেন ছাড়া শরীরের অন্যান্য সব অঙ্গ সক্রিয় রয়েছে। তার জন্য বিশেষ দোয়ার আহ্বান জানিয়েছে তার পরিবার। আল্লাহ যেন তাকে হায়াতে তাইয়িবা নসিব করেন।’

সিঙ্গাপুরের নিউরোসার্জনদের সর্বশেষ মূল্যায়ন অনুযায়ী হাদির ব্রেনের ইস্কেমিক পরিবর্তন ও ইডেমা (ফোলা) কমেনি, যা চিকিৎসার ক্ষেত্রে একটি বড় চ্যালেঞ্জ। ব্রেন স্টেমে আঘাতের কারণে মস্তিষ্কের ভেন্ট্রিকুলার সিস্টেমেও চাপ তৈরি হয়েছে।

বর্তমানে তার কিডনি, হৃদযন্ত্র ও ফুসফুস কৃত্রিম ভেন্টিলেশনের সহায়তায় সচল রাখা হয়েছে। হাদির জিসিএস (গ্লাসগো কোমা স্কেল) স্কোরে এখনও কোনো পরিবর্তন আসেনি, অর্থাৎ নিউরোলজিক্যাল রেসপন্সে দৃশ্যমান কোনো উন্নতি বা অবনতি লক্ষ্য করা যাচ্ছে না।

জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটে গুলিবিদ্ধ হওয়ার পর ঢাকায় অস্ত্রোপচার ও নিবিড় চিকিৎসা শেষে ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার (১৫ ডিসেম্বর) সিঙ্গাপুর জেনারেল হসপিটালের ইমার্জেন্সি কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে নিউরোসার্জারি ও ক্রিটিক্যাল কেয়ার টিম যৌথভাবে তার চিকিৎসা শুরু করেছে।

পরিবারের পক্ষ থেকে তার জন্য বিশেষ দোয়ার আহ্বান জানানো হয়েছে।