নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক জেলা সভাপতি গ্রেপ্তার

0
54

নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি নাহিদ শিকদারকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৭ ডিসেম্বর) রাতে শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের বারিক বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার এ. এন. এম. ওয়াসিম ফিরোজ গ্রেপ্তার নিশ্চিত করে জানান, দেশজুড়ে যৌথ বাহিনী ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ নামে বিশেষ অভিযান চালাচ্ছে। তারই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জেও অভিযান চলছে। এ অভিযানের অংশ হিসেবে নাহিদ শিকদারকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করা হয়েছে।

প্রসঙ্গত, জেলা ছাত্রলীগের তৎকালীন সভাপতি আরিফুর রেজা ইমন স্বেচ্ছায় পদত্যাগ করলে ২০২০ সালের ১০ ডিসেম্বর কেন্দ্রীয় ছাত্রলীগ নাহিদ শিকদারকে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেয়। পরে তাকে পূর্ণাঙ্গ সভাপতির দায়িত্ব দেওয়া হয়।

দায়িত্ব পাওয়ার পর তিনি একাধিক বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। বিশেষ করে নাহিদ শিকদারের ফেনসিডিল হাতে থাকা একটি ভিডিও ও কয়েকটি স্থিরচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নিয়ে জেলাজুড়ে সমালোচনা তৈরি হয়।