২৫ ডিসেম্বর দুপুর পৌনে ১২টায় ঢাকায় পৌঁছবেন তারেক রহমান

0
57

আগামী ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বহনকারী বিমান ওইদিন দুপুর পৌনে ১২টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে বিএনপির সিনিয়র কয়েকজন নেতার সঙ্গে এ বিষয়ে সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের বৈঠক হয়। সেই বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে।

বৈঠকে বিএনপির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ও তারেক রহমানের আগমনে শুভেচ্ছা কমিটির আহ্বান সালাহউদ্দিন আহমেদ, দলের সিনিয়র যুগ্মসচিব ও কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, খালেদা জিয়া ও তারেক রহমানের নিরাপত্তা প্রধান এবং মিডিয়া সেলের আহ্বায়ক।

দেশে ফেরার পর রাজধানী ৩০০ ফুটেও তারেক রহমানকে সংবর্ধনা দেওয়া হবে। এ কারণে সিভিল অ্যাভিয়েশনের সঙ্গে বৈঠক শেষে ৩০০ ফুট পরিদর্শনে যায় বিএনপির প্রতিনিধি দলটি।

এর আগে ১২ ডিসেম্বর রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে আসবেন।

পরে ১৫ ডিসেম্বর এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের পতাকা নিয়ে ২৫ ডিসেম্বর ঢাকার মাটিতে নামবেন।

৫৯ বছর বয়সী তারেক রহমান ২০০৮ সাল থেকে লন্ডনে বসবাস করছেন। ২০০৯ সালে তিনি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান হন এবং ধীরে ধীরে দলের গুরুত্বপূর্ণ নেতৃত্বের ভূমিকা গ্রহণ করেন।

২০১৮ সালে তার মা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর তারেক রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়। তখন থেকেই তিনি বিদেশ থেকে দল পরিচালনা করছেন, ভার্চুয়ালি সভা ও সমাবেশে অংশ নিচ্ছেন।

এদিকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসার উপলক্ষে বিএনপির স্থায়ী কমিটি সদস্য সালাহউদ্দিন আহমদ ও সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। কীভাবে, কখন, কোথায় অভ্যর্থনার আয়োজন হবে— তার বিস্তারিত তারা জানাবেন। সিদ্ধান্ত হলে আপনাদেরকে সঙ্গে সঙ্গে অবহিত করব ইনশাআল্লাহ।

সূত্র: এনটিভি