রামপুরায় ২৮ হত্যা: বিজিবি কর্মকর্তা রেদোয়ানসহ ৪ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে বিচার শুরু

0
60

জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে রাজধানীর রামপুরায় ২৮ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলামসহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (চার্জ) গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্য দিয়ে এই হত্যাকাণ্ডের আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হলো।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর সোয়া ১২টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন—বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

আদেশের শুরুতে ট্রাইব্যুনাল আসামিদের অব্যাহতির (ডিসচার্জ) আবেদন খারিজ করে দেন। আদালতে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট হামিদুল মিসবাহ এবং রাষ্ট্রনিযুক্ত (স্টেট ডিফেন্স) আইনজীবী মো. আমির হোসেন।

এই মামলায় অভিযুক্ত চারজন হলেন—
১. লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলাম (বিজিবি কর্মকর্তা) – গ্রেপ্তার
২. মেজর মো. রাফাত বিন আলম (বিজিবির সাবেক কর্মকর্তা) – গ্রেপ্তার
৩. মো. রাশেদুল ইসলাম (ডিএমপির খিলগাঁও অঞ্চলের সাবেক এডিসি) – পলাতক
৪. মো. মশিউর রহমান (রামপুরা থানার সাবেক ওসি) – পলাতক

এদিন সকালে গ্রেপ্তার দুই আসামি রেদোয়ানুল ইসলাম ও রাফাত বিন আলমকে ঢাকার সেনানিবাসের সাব-জেল থেকে কড়া নিরাপত্তায় প্রিজনভ্যানে করে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

প্রসিকিউশন সূত্রে জানা গেছে, গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় রাজধানীর রামপুরা এলাকায় বিজিবি ও পুলিশের গুলিতে ২৮ জন নিহত হন এবং অসংখ্য মানুষ আহত হন। তদন্ত সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে যে, বিজিবি কর্মকর্তা রেদোয়ানুল ইসলাম সরাসরি আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি ছুড়েছিলেন এবং অন্য আসামিরা এই হত্যাযজ্ঞে নেতৃত্ব দিয়েছিলেন।

এর আগে গত ৬ ডিসেম্বর চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এই চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন। গত ২২ অক্টোবর সেনা হেফাজতে থাকা রেদোয়ান ও রাফাতকে ট্রাইব্যুনালে হাজির করা হলে তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। একই সঙ্গে পলাতক দুই আসামিকে হাজির করতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছিলেন আদালত। আজ অভিযোগ গঠনের মধ্য দিয়ে আলোচিত এই হত্যা মামলার বিচারিক কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হলো।