খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল খ্রিষ্টান সম্প্রদায়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (২৪ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক বার্তায় তিনি এই শুভেচ্ছা জানান এবং সবার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। বার্তায় তিনি যিশুখ্রিস্টকে ক্ষমা, করুণা ও মানবপ্রেমের দিশারি হিসেবে উল্লেখ করে বলেন, যিশুখ্রিস্ট পৃথিবীতে এসেছিলেন মানুষের মধ্যে সম্প্রীতির মহাবার্তা নিয়ে।
তারেক রহমান তার বার্তায় উল্লেখ করেন, প্রতিটি ধর্মের মূল লক্ষ্য হলো মানুষের সেবা ও কল্যাণ নিশ্চিত করা। যুগে যুগে মহামানবগণ তাদের নিঃস্বার্থ আত্মনিবেদনের মাধ্যমে মানুষকে সত্য ও ন্যায়ের পথে চলার প্রেরণা দিয়েছেন। যিশুখ্রিস্টও তার অনুসারীদের মানবপ্রেমে উদ্বুদ্ধ করেছেন এবং মানুষের সেবা, ক্ষমা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার শিক্ষা দিয়েছেন। বড়দিনকে একটি সর্বজনীন উৎসব অভিহিত করে তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ, যেখানে দীর্ঘকাল ধরে সব ধর্মের মানুষ পারস্পরিক সৌহার্দ্যের মধ্য দিয়ে নিজ নিজ উৎসব পালন করে আসছে।
সব ধরনের হিংসা-বিদ্বেষ ও অবিচার পরিহার করে সমাজে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার গুরুত্বারোপ করেন বিএনপির এই শীর্ষ নেতা। তিনি একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি আরও জোরদার করার আহ্বান জানান। তারেক রহমান মনে করেন, মহামানবদের জীবন দর্শন যথাযথভাবে অনুসরণ করলে ব্যক্তিগত ও সামাজিক জীবনে শান্তি ও কল্যাণ নিশ্চিত হবে। সবশেষে তিনি বড়দিনের সকল কর্মসূচির সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।