দেশি ও বিদেশি জাহাজে কাজের সুযোগ তৈরি করতে শিপ পার্সোনেল ট্রেনিং ইন্সটিটিউট (এসপিটিআই) থেকে মেরিন প্রশিক্ষণ সম্পন্ন করেছেন ১৫৭ জন তরুণ। রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে মাদারীপুর সদর উপজেলার নয়াচর এলাকায় এসপিটিআই কার্যালয়ে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে তাদের হাতে সনদ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিটিএ) চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা। তিনি বলেন, আন্তর্জাতিক মানের দক্ষ নাবিক তৈরি করা গেলে দেশের সুনাম দ্রুতই বিদেশের মাটিতে ছড়িয়ে পড়বে এবং কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচিত হবে।
মাদারীপুর এসপিটিআইয়ের ক্যাপ্টেন মোহাম্মদ মহিউদ্দিন জানান, বরিশাল, নারায়ণগঞ্জ ও মাদারীপুরের বিভিন্ন কেন্দ্র থেকে এখন পর্যন্ত ৪৩ হাজারের বেশি প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ গ্রহণ করেছেন। নতুন প্রশিক্ষণার্থীদের উদ্বুদ্ধ করতে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা নিয়মিত কাজ করে যাচ্ছেন বলেও জানান তিনি।
বরিশালের ডিপিটিসির অধ্যক্ষ ক্যাপ্টেন জিএএম আলী রেজা বলেন, দেশে বর্তমানে ২১ হাজার সরকারি নিবন্ধিত জাহাজ রয়েছে, যেখানে প্রায় দুই লাখ ১০ হাজার দক্ষ নাবিকের প্রয়োজন। এই প্রশিক্ষণ কর্মসূচি বেকারত্ব দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
চট্টগ্রাম থেকে আসা প্রশিক্ষণার্থী মো. হান্নান বলেন, নাবিক হওয়ার স্বপ্ন অনেকদিনের ছিল। এসপিটিআই থেকে প্রশিক্ষণ শেষ করে এখন দেশের জন্য কাজ করার সুযোগ পেয়েছি।
উল্লেখ্য, এক বছর মেয়াদি এই নাবিক প্রশিক্ষণ কর্মসূচিতে নৌপরিবহন মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে শিক্ষার্থীদের ভর্তি, প্রশিক্ষণ, আবাসন ও খাবারের ব্যবস্থা করা হয়।