আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যোগ দিলেন ‘জাতীয় নাগরিক পার্টি’, দায়িত্ব পাবেন মুখপাত্র হিসেবে

0
24

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও গত বছরের ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’ বা এনসিপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন। তিনি দলের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন।

সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি ওই সময় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সংস্কার কার্যক্রম এবং ভবিষ্যতে দলের কর্মপরিকল্পনা নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।

এর আগে আসিফ মাহমুদ গতকাল পর্যন্তও সিদ্ধান্তহীন ছিলেন। তবে তিনি ঢাকা-১০ আসনে (ধানমন্ডি-নিউমার্কেট-কলাবাগান-হাজারীবাগ) মনোনয়ন ফরম গ্রহণ করেছেন। আজ বিকেল ৫টায় মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত গণ-অভ্যুত্থানে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রধান সমন্বয়ক ছিলেন। গত বছরের ৫ আগস্ট তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন। এ বছরের ১০ ডিসেম্বর তিনি পদত্যাগ করেন এবং ১১ ডিসেম্বর তা কার্যকর হয়।