দক্ষিণ ভারতীয় টেলিভিশন নাটকের জনপ্রিয় অভিনেত্রী নন্দিনী সিএম-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৯ ডিসেম্বর) ভারতের বেঙ্গালুরুতে নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুর আগে তিনি একটি চিরকুট লিখে গেছেন, যেখানে নিজের মৃত্যুর জন্য বাবা-মাকে দায়ী করেছেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, নন্দিনী জনপ্রিয় টেলিভিশন সিরিয়াল ‘গৌরী’-তে প্রধান চরিত্রে অভিনয় করছিলেন। সম্প্রতি ওই সিরিয়ালের একটি দৃশ্যে তার চরিত্রকে বিষপান করতে দেখা যায়। শুটিং শেষ করে বাসায় ফেরার পর তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া সুইসাইড নোটে নন্দিনী উল্লেখ করেন, তার বাবা-মা তাকে বিয়ের জন্য নিয়মিত চাপ দিচ্ছিলেন, অথচ তিনি মানসিকভাবে বিয়ের জন্য প্রস্তুত ছিলেন না। চিরকুটে আরও বলা হয়েছে, তিনি দীর্ঘদিন ধরে বিষণ্নতায় ভুগছিলেন। তবে এই মানসিক অবস্থার পেছনে অন্য কোনো কারণ ছিল কি না, সে বিষয়ে পুলিশ এখনো বিস্তারিত তথ্য জানায়নি।
কর্ণাটকের পুত্তুরের বাসিন্দা নন্দিনী কাজের সূত্রে বেঙ্গালুরুতে বসবাস করতেন। কন্নড় ও তামিল টেলিভিশন অঙ্গনে তিনি পরিচিত মুখ ছিলেন। ‘সংঘর্ষ’, ‘মধুমাগালু’, ‘নিনাদে না’ এবং ‘জিভা হুভাগিদে’সহ একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে দর্শকমহলে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। তার আকস্মিক মৃত্যুতে দক্ষিণ ভারতীয় বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।