দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সাত দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৯টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এই কর্মসূচির ঘোষণা দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি জানান, শোক পালন উপলক্ষে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের সকল দলীয় কার্যালয়ে সাত দিন কালো পতাকা উত্তোলন করা হবে। একই সঙ্গে দলের সকল স্তরের নেতাকর্মীরা এই সময়কালজুড়ে কালো ব্যাজ ধারণ করবেন।
রিজভী আরও বলেন, প্রতিটি দলীয় কার্যালয়ে সাত দিনব্যাপী কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় ও গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে কেন্দ্রীয়ভাবে এবং জেলা পর্যায়ের দলীয় কার্যালয়গুলোতে শোক বই খোলা থাকবে।
তিনি জানান, বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফনের সময়সূচি পরবর্তীতে জানানো হবে।
এর আগে মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
দীর্ঘদিন ধরে তিনি লিভার ও কিডনি জটিলতা, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, আথ্রাইটিস এবং সংক্রমণজনিত নানা জটিল রোগে ভুগছিলেন। গত ২৩ নভেম্বর থেকে তিনি এভারকেয়ার হাসপাতালে ভর্তি ছিলেন।
অবস্থার অবনতি হলে তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ পরিবারের সদস্যরা হাসপাতালে উপস্থিত হন। মৃত্যুর কয়েক ঘণ্টা আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন সাংবাদিকদের জানান, খালেদা জিয়া অত্যন্ত সংকটাপন্ন সময় অতিক্রম করছেন এবং তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।
নব্বইয়ের দশকে স্বৈরাচারবিরোধী আন্দোলনে ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিত খালেদা জিয়া দীর্ঘ রাজনৈতিক জীবনে বহুবার গ্রেপ্তার ও কারাবরণ করলেও দেশ ছাড়েননি। সংসদ নির্বাচনে প্রার্থী হয়ে তিনি কখনো পরাজিত হননি।