রাজশাহীতে বালুবাহী ট্রাক উল্টে নিহত ৪, আহত অন্তত ১০

0
59

রাজশাহী-নাটোর মহাসড়কের পাশে ঝলমলিয়া কলার হাটে বালুবাহী একটি ডাম্পট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে হাটের মধ্যে উল্টে যাওয়ায় ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় ট্রাকে চাপা পড়ে ঘটনাস্থলেই চারজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত দশজন। আজ (বৃহস্পতিবার, ১ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, আনুমানিক সকাল সাড়ে সাতটার দিকে দুর্ঘটনাটি ঘটে। হাটের ব্যবসায়ীরা বলছেন, সকালে ঝলমলিয়া হাটে নিয়মিত জনসমাগম শুরু হয়। সকাল সাড়ে সাতটার দিকে বালুবাহী একটি ডাম্পট্রাক রাজশাহী থেকে নাটোর অভিমুখে যাচ্ছিল। হাট এলাকায় বিপরীত দিক থেকে আসা অপর একটি মাছের ট্রাকের সঙ্গে সেটির পিছন দিকে ধাক্কা লাগে। এতে মুহূর্তেই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে হাটের মধ্যে ঢুকে পড়ে এবং উল্টে যায়।

এ সময় অনেকে দৌড়ে পালানোর চেষ্টা করলেও চাপা পড়ে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। এছাড়া আহত হয় কমপক্ষে ১০ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘটনাস্থল থেকে চারজনের মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত শেষে লাশ শনাক্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। উল্টে যাওয়া ট্রাকটি উদ্ধারে ফায়ার সার্ভিস কাজ করছে।