প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রিয়াজ বলেছেন, ২০২৪ সালের জুলাই মাসে যারা প্রাণ দিয়েছেন, তাঁরা জাতির ওপর একটি বড় দায় ও দায়িত্ব দিয়ে গেছেন। সেই দায়িত্ব হলো— দেশের মানুষকে যেন আর কখনো স্বৈরাচারী অবস্থায় ফিরে যেতে না হয়।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) ইসলামিক ফাউন্ডেশন ভবনে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা শীর্ষক প্রকল্পের আওতায় বই বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
আলী রিয়াজ বলেন, “২৪ সালে যারা প্রাণ দিয়েছে, তারা আমাদের ওপর একটা দায় এবং দায়িত্ব দিয়ে গেছে। সেই দায়িত্বটা হলো, যেন আমাদের আবার সেই স্বৈরাচারী অবস্থায় ফিরে যেতে না হয়। যাদের সন্তান আন্দোলনে জীবন দিয়েছে, যারা গুম খুনের শিকার হয়েছে, তাদের সবার এই একটাই চাওয়া। আর এটা নিশ্চিত করতে হবে, ব্যবস্থা বদল করার মাধ্যমে।”
তিনি আরও বলেন, এই ব্যবস্থা বদলের সুযোগটি তৈরি হয়েছে গণভোটের মাধ্যমে। গণভোটের মাধ্যমেই এটা নিশ্চিত করতে হবে যে আগামীতে যারা ক্ষমতায় আসবে, তারা যেন জনগণের চাওয়া পূরণে বাধ্য থাকে।
আলী রিয়াজ অতীতের গণভোটের সঙ্গে এবারের গণভোটের পার্থক্য তুলে ধরে বলেন, এবারের গণভোটটি অভ্যুত্থান-পরবর্তী গণভোট। এই গণভোটে সব রাজনৈতিক দল একমত হয়েছে। ৯ মাস ধরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনা হলেও গণভোটের বিষয়ে কোনো ভিন্ন মত তৈরি হয়নি।
বিশেষ সহকারী বলেন, কিছু কিছু বিষয়ে পরিবর্তন আনা দরকার। যেমন— একজন দণ্ডপ্রাপ্ত আসামিকে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির ইচ্ছায় যে ক্ষমা করে দেওয়া হয়, এ বিষয়টির পরিবর্তন দরকার। এছাড়া, চাইলেই যাতে সংবিধান বদলানো না যায়, সেই পরিবর্তনও জরুরি।
তিনি বলেন, সংসদ যখন তৈরি হয়, আমরা বিভিন্ন বিবেচনা থেকে জনপ্রতিনিধি তৈরি করি। তাতে দলের বিবেচনা, এলাকার বিবেচনা থাকে। কিন্তু গণভোটের মাধ্যমে সেই প্রতিনিধিকে বলা যাবে যে, কীভাবে তিনি দেশটা পরিচালনা করবেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ছালাম খান, ধর্ম মন্ত্রণালয়ের সচিব কামাল উদ্দিন এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার প্রমুখ।