পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন ছাড়াল ১৩ লাখ, সময় বাড়াল নির্বাচন কমিশন

0
69

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য এখন পর্যন্ত ১৩ লাখ ৭ হাজার ৯৫ জন ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন। রোববার সকাল ১০টা পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ তথ্য থেকে এই চিত্র পাওয়া গেছে।

‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসী বাংলাদেশি ভোটারদের পাশাপাশি নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং কর্মস্থলের কারণে নিজ এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীরা এই নিবন্ধন করছেন। নিবন্ধিত ভোটারদের মধ্যে পুরুষ ভোটার ১১ লাখ ২২ হাজার ২৮৭ জন এবং নারী ভোটার ১ লাখ ৮৪ হাজার ৮০৬ জন।

প্রবাসী ভোটারদের মধ্যে সৌদি আরব থেকে সর্বাধিক ২ লাখ ২৩ হাজার ৬০৯ জন নিবন্ধন করেছেন। এরপর মালয়েশিয়া থেকে ৭৬ হাজার ৬৬০ জন, কাতার থেকে ৭৩ হাজার ৪৬৮ জন, ওমান থেকে ৫১ হাজার ১৬৩ জন এবং কুয়েত থেকে ৩৩ হাজার ৬০৭ জন ভোটার নিবন্ধিত হয়েছেন।

দেশের অভ্যন্তরে ‘ইন-কান্ট্রি পোস্টাল ভোট’ ক্যাটাগরিতে নিবন্ধন করেছেন ৫ লাখ ৮৪ হাজার ৩৪৭ জন ভোটার। জেলাভিত্তিক হিসাবে কুমিল্লায় সর্বোচ্চ ৯৯ হাজার ৯১৫ জন নিবন্ধন করেছেন। এরপর রয়েছে ঢাকা জেলার ৯৩ হাজার ৪৬৫ জন এবং চট্টগ্রামের ৮৩ হাজার ৭৫৯ জন ভোটার।

আসনভিত্তিক নিবন্ধনের হিসাবে ফেনী-৩ আসনে সর্বাধিক ১৫ হাজার ১৬৪ জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধিত হয়েছেন। এরপর রয়েছে চট্টগ্রাম-১৫ আসন, যেখানে নিবন্ধিত ভোটারের সংখ্যা ১২ হাজার ৭৪০ জন এবং নোয়াখালী-১ আসনে ১২ হাজার ৬১২ জন।

নির্বাচন কমিশন সূত্র জানায়, গত ১৪ দিনে বিশ্বের ৭৫টি দেশে অবস্থানরত ৫ লাখ ৮১ হাজার ৬৮৯ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান বাসসকে জানান, এসব ব্যালটের মধ্যে সৌদি আরবে সর্বাধিক ১ লাখ ৮৭ হাজার ৪৪৩টি পাঠানো হয়েছে। এছাড়া কাতারে ৬৪ হাজার ৭০০টি এবং মালয়েশিয়ায় ৬৬ হাজার ৫৭৭টি ব্যালট পাঠানো হয়েছে।

ভোটারদের ব্যাপক আগ্রহের কারণে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার নিবন্ধনের সময়সীমা বাড়িয়েছে নির্বাচন কমিশন। ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের জানান, আগে নিবন্ধনের শেষ সময় ছিল ৩১ ডিসেম্বর। তবে প্রবাসী এবং দেশের অভ্যন্তরের তিনটি ক্যাটাগরির ভোটারদের অনুরোধে সময়সীমা বাড়িয়ে আগামী ৫ জানুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৮ নভেম্বর চালু হওয়া এই অ্যাপের মাধ্যমে বিশ্বের ১৪৮টি দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা সংশ্লিষ্ট দেশের মোবাইল নম্বর ব্যবহার করে নিবন্ধনের সুযোগ পাচ্ছেন। পাশাপাশি আইনি হেফাজতে থাকা ভোটাররাও এই প্রক্রিয়ার আওতায় নিবন্ধিত হতে পারছেন।