দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

0
54

দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে রাজশাহীতে। আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৬টায় জেলার তাপমাত্রা নেমে আসে ৭ ডিগ্রি সেলসিয়াসে। কুয়াশার ঘনত্ব খুব বেশি না থাকলেও হাড়কাঁপানো হিমেল হাওয়ায় শীতের দাপট তীব্র হয়ে উঠেছে।

সোমবার (৫ জানুয়ারি) রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি এবং সর্বোচ্চ ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কম থাকায় এবং সর্বনিম্ন তাপমাত্রা আরও নেমে যাওয়ায় শীতের প্রকোপ বেড়েছে। ভোর ৬টা ৪৭ মিনিটে সূর্যোদয়ের কথা থাকলেও সকাল ১০টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি।

শীতের কারণে শহর ও গ্রাম—সবখানেই জনজীবন কিছুটা স্থবির। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, সকালে বাতাসে আর্দ্রতা ছিল ১০০ শতাংশ, ফলে অনুভূত তাপমাত্রা আরও কমে যায়।

সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন দিনমজুর ও খেটে খাওয়া মানুষ। রিকশাচালক আব্দুল কুদ্দুস বলেন, “সকাল-বিকেলে ঠান্ডায় হাত জমে যায়। তবু না বের হলে পেট চলবে না। এখনও মাঘ আসেনি, অথচ এমন শীত পড়েছে।”

রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক লতিফা হেলেন জানান, সকাল ৬টায় ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা দেশের সর্বনিম্ন। বাতাসে আর্দ্রতা শতভাগ থাকায় শীতের অনুভূতি আরও তীব্র হচ্ছে।