জকসু নির্বাচনে ভোট পড়েছে ৬৫ শতাংশ, চলছে গণনা

0
47

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে প্রায় ৬৫ শতাংশ ভোট পড়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় এ তথ্য জানান নির্বাচন কমিশনার অধ্যাপক জুলফিকার মাহমুদ। একই সময় তিনি ভোট গণনা শুরুর ঘোষণাও দেন।

ভোট গণনা প্রসঙ্গে নির্বাচন কমিশনার অধ্যাপক শহিদুল ইসলাম বলেন, ভোট গণনার কাজ সঙ্গে সঙ্গেই শুরু করা হবে। প্রথম ধাপে ব্যালট পেপার ম্যানুয়ালি স্ক্রিনিং করে দেখা হবে ব্যালটে ক্রস চিহ্ন ছাড়া অন্য কোনো চিহ্ন রয়েছে কি না। কোনো প্রার্থীর নামের পাশে ক্রস ছাড়া অন্য চিহ্ন থাকলে ওই পদের ভোট বাতিল বলে গণ্য হবে।

এর আগে মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ৩৯টি কেন্দ্রের ১৭৮টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে নির্ধারিত সময় শেষ হওয়ার পরও কয়েকটি কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায় এবং ওই ভোটারদের ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয়।

সব কেন্দ্রের ভোটগ্রহণ শেষ হওয়ার পর ব্যালট বাক্স বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামের নিয়ন্ত্রণকক্ষে আনা হয়। ভোট গণনার কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে স্থাপিত এলইডি স্ক্রিনে সরাসরি সম্প্রচার করা হবে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদের ২১টি পদের জন্য ১৫৭ জন এবং একমাত্র ছাত্রী হল সংসদের ১৩টি পদের জন্য ৩৩ জনসহ মোট ৩৪টি পদের বিপরীতে ১৯০ জন চূড়ান্ত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ১৬ হাজার ৬৬৫ জন।

এই নির্বাচনে চারটি প্যানেলের প্রার্থীরা অংশ নেন। প্যানেলগুলো হলো ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ ও সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’, ইসলামী ছাত্রশিবির–সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’, বাম জোট–সমর্থিত ‘মওলানা ভাসানী ব্রিগেড’ এবং জাতীয় ছাত্রশক্তি–সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ জবিয়ান’। এ ছাড়া স্বতন্ত্রভাবেও একাধিক প্রার্থী নির্বাচনে অংশ নেন।

ভিপি (সহসভাপতি) পদে ১২ জন, জিএস (সাধারণ সম্পাদক) পদে ৯ জন এবং এজিএস (সহসাধারণ সম্পাদক) পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।