নির্বাচনী আর্থিক সহযোগিতায় ব্যাপক সাড়া: ৩৯ লাখ টাকা অনুদান পেলেন ব্যারিস্টার ফুয়াদ

0
33

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনের প্রার্থী এবং আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ তার নির্বাচনী প্রচারণার জন্য আর্থিক সহযোগিতা চেয়ে সাধারণ মানুষের ব্যাপক সাড়া পেয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বার্তার মাধ্যমে তিনি জানিয়েছেন, এখন পর্যন্ত তিনি বিভিন্ন মাধ্যমে সর্বমোট ৩৯ লাখ ৬৬ হাজার ৫৫৬ টাকা অনুদান লাভ করেছেন।

ব্যারিস্টার ফুয়াদ তার ফেসবুক পোস্টে জানান, তার নির্বাচনি এলাকায় মোট ভোটার সংখ্যা প্রায় ৩ লাখ ৩২ হাজার ১০১ জন। নির্বাচন কমিশনের নির্ধারিত বিধি অনুযায়ী ভোটার প্রতি ১০ টাকা খরচের সুযোগ থাকায় তার নির্বাচনি ব্যয়ের আইনি সীমা হচ্ছে ৩৩ লাখ ২১ হাজার ১০ টাকা। তবে সংগৃহীত অনুদানের পরিমাণ ইতোমধ্যে সেই সীমা ছাড়িয়ে গেছে। প্রাপ্ত তহবিলের হিসাব অনুযায়ী, বিকাশের মাধ্যমে ১৯ লাখ ২৩ হাজার ৫৫২ টাকা, নগদে ২ লাখ ৩৫ হাজার ৫৬ টাকা এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ১৮ লাখ ৭ হাজার ৯৪৮ টাকা জমা হয়েছে।

বিপুল পরিমাণ এই আর্থিক সমর্থন পাওয়ায় দেশ ও প্রবাসে অবস্থানরত শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবি পার্টির এই নেতা। একই সাথে যারা যোগাযোগ করেও সময়স্বল্পতার কারণে সাড়া পাননি, তাদের কাছে তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন। তিনি জানান, নির্বাচনি ব্যয়ের নির্ধারিত সীমার বাইরে অতিরিক্ত যে অনুদান এসেছে, সে বিষয়ে নির্বাচন কমিশনের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে ব্যারিস্টার ফুয়াদ আরও জানান যে, অনুদান সংক্রান্ত সব নথিপত্র নির্বাচনের দিন পর্যন্ত যথাযথভাবে অডিট করা হবে এবং পূর্ণাঙ্গ প্রতিবেদন নির্বাচন কমিশনে জমা দেওয়া হবে। নির্বাচন কমিশন বা সরকারের অন্য যেকোনো আর্থিক নিয়ন্ত্রক সংস্থা অডিট করতে চাইলে তিনি সর্বাত্মক সহযোগিতা করারও প্রতিশ্রুতি দেন। মূলত সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে একটি স্বচ্ছ নির্বাচনি সংস্কৃতি গড়ার লক্ষ্যেই তিনি এই উদ্যোগ গ্রহণ করেছেন।