বানারীপাড়ায় অস্ত্রসহ আওয়ামী লীগ নেতা গ্রেফতার

0
39

বরিশালের বানারীপাড়ায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্রসহ তারিকুল ইসলাম তারেক নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের আউয়ার গ্রামে তার নিজ বাড়িতে এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত তারেক বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য এবং সৈয়দকাঠী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বরত ছিলেন।

বানারীপাড়া থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আউয়ার গ্রামে তারেকের বাড়িতে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় তার হেফাজত থেকে একটি পাইপগান, আটটি কার্তুজ, দুটি ছেনি এবং একটি রামদা উদ্ধার করা হয়। নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের এই নেতার বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখার দায়ে একটি মামলা দায়ের করা হয়েছে।

বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদসহ তাকে হাতেনাতে আটক করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার সকালে তারিকুল ইসলাম তারেককে আদালতের মাধ্যমে বরিশাল জেলহাজতে পাঠানো হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।