টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে দুই ডাকাত দলের গোলাগুলি, নিহত ১

0
37

কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে দুই সশস্ত্র ডাকাত দলের মধ্যে গোলাগুলির ঘটনায় নুর কামাল নামে এক ডাকাত বাহিনীর প্রধান নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার গভীর রাতে ক্যাম্প এলাকায় গোলাগুলির এ ঘটনা ঘটে। শনিবার (১০ জানুয়ারি) সকালে নয়াপাড়া ক্যাম্প থেকে নুর কামালের মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. কাউছার সিকদার জানান, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ডাকাত খালেক বাহিনী ও নুর কামাল বাহিনীর মধ্যে বিরোধ চলছিল। এর জেরে শুক্রবার গভীর রাতে নয়াপাড়া ক্যাম্প এলাকায় দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এতে গুলিবিদ্ধ হয়ে নুর কামাল মারা যায়।

তিনি আরও বলেন, দুটি ডাকাত দলই দীর্ঘ সময় ধরে ক্যাম্প এলাকায় হত্যা, অপহরণ, চাঁদাবাজি, মাদকসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল। নিহত নুর কামাল নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পেরই বাসিন্দা।

টেকনাফ মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, শনিবার সকালে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নুর কামালের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অপহরণ ও মাদকসংক্রান্ত মোট ১১টি মামলা রয়েছে বলে তিনি জানান।