রোজেনিয়রের অভিষেকে চেলসির গোলবন্যা: ১০ বছরের খরা কাটিয়ে জয়

0
29

লিয়াম রোজেনিয়রের চেলসি অধ্যায় শুরু হলো দারুণ দাপটে। এফএ কাপের তৃতীয় রাউন্ডে চার্লটন অ্যাথলেটিককে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে বড় জয় পেয়েছে ব্লুজরা। এই জয়ের মাধ্যমে প্রায় এক দশক পর চেলসির কোনো কোচ নিজের অভিষেক ম্যাচে জয়ের মুখ দেখলেন। সবশেষ ২০১৬ সালে আন্তোনিও কন্তে তাঁর অভিষেক ম্যাচে চেলসিকে জয় উপহার দিয়েছিলেন।

রোববার চার্লটনের মাঠ ‘দ্য ভ্যালি’তে অনুষ্ঠিত ম্যাচে রোজেনিয়র তাঁর মূল একাদশের অধিকাংশ খেলোয়াড়কে বিশ্রাম দিয়ে দ্বিতীয় সারির দল নামান। সাবেক কোচ এনজো মারেসকার আমলে অনিয়মিত হয়ে পড়া খেলোয়াড়রাই মূলত এদিন জ্বলে ওঠেন। দলের হয়ে প্রথম তিনটি গোল করেন জোরেল হাতো, তসিন আদারাবিয়ো ও মার্ক গুইয়ি। যদিও মাইলস লিউবার্নের স্ট্রাইকে এক গোল শোধ করে চার্লটন ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছিল, তবে ইনজুরি টাইমে পেদ্রো নেতো ও এনজো ফের্নান্দেজ পেনাল্টি থেকে গোল করলে বড় জয় নিশ্চিত হয় চেলসির।

মাঠের খেলায় দাপট দেখালেও গ্যালারির পরিবেশ ছিল কিছুটা ভিন্ন। চেলসি সমর্থকরা এদিনও সাবেক মালিক রোমান আব্রামোভিচের নামে স্লোগান দিচ্ছিলেন। অন্যদিকে বর্তমান সহ-মালিক বেহদাদ এঘবালিকে নিয়ে দর্শকদের মধ্যে তেমন কোনো উচ্ছ্বাস দেখা যায়নি। নতুন কোচ রোজেনিয়র হয়তো প্রথম ম্যাচেই বুঝে গেছেন, কেবল মাঠের জয় নয়, ক্লাবের সমর্থকদের মন জয় করাও তাঁর বড় চ্যালেঞ্জ।

অভিষেক ম্যাচে জয় পেয়ে উচ্ছ্বসিত রোজেনিয়র বলেন, “এটি একটি ইতিবাচক দিক এবং খুব ভালো একটি শুরু। দলের মানসিকতা ও প্রেসিং নিয়ে আমি অত্যন্ত খুশি। চার্লটনের মাঠে এসে খেলা সহজ নয়, তবে আমরা পুরো ম্যাচ নিয়ন্ত্রণে রেখেছিলাম।”

চেলসির সামনে এখন বড় পরীক্ষার সময়। আগামী বুধবার কারাবাও কাপের সেমিফাইনালের প্রথম লেগে তারা মুখোমুখি হবে শক্তিশালী আর্সেনালের। এরপর ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রিমিয়ার লিগ অভিযান শুরু করবেন রোজেনিয়র। প্রথম ম্যাচে এমন বড় জয় নিশ্চিতভাবেই চেলসি শিবিরে আত্মবিশ্বাস জোগাবে।