‘আগামীকাল বা পরশুর মধ্যেই জোট আসন সমঝোতার ঘোষণা’ — জামায়াত আমির

0
44

জামায়াত নেতৃত্বাধীন জোটের আসন সমঝোতা নিয়ে চূড়ান্ত ঘোষণা আগামীকাল বা পরশুর মধ্যেই দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (১২ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর বসুন্ধরায় তার কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্ট সদস্য ইভারস আইজাবসের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জোটের আসন সমঝোতা সুরাহা হয়েছে কি না — জানতে চাইলে জামায়াত আমির বলেন, “আপনারা আগামীকালের ভেতরে দাওয়াত পাবেন, না হলে পরশুদিন। সবার সামনে আমরা একসঙ্গে আসব।”

ইইউর নির্বাচন পর্যবেক্ষণ প্রসঙ্গে তিনি জানান, গত নির্বাচনে ইইউ কোনো প্রতিনিধি দল না পাঠালেও এবার তারা বড় আকারের মিশন পাঠাবে। তার ভাষায়, “এবার তারা ২০০ প্রতিনিধি পাঠাবেন। তারা জেলা ও সিটি করপোরেশন এলাকা কভার করবেন।”

প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নে ডা. শফিকুর রহমান বলেন, “প্রশাসনের অনেকেই অতীতে আওয়ামী লীগের দোসর হিসেবে কাজ করেছেন—এ কথা বলা হয়। আমরা মনে করি, তারা বদলাবেন; অন্যথায় তাদের বদলাতে বাধ্য করা হবে।”

বৈঠকে জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, শিক্ষাবিদ ড. যুবায়ের আহমেদ, উন্নয়ন টিম লিড দেওয়ান আলমগীর এবং জামায়াত আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।