জুলাই জাতীয় সনদের প্রতিটি প্রস্তাব অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: সালাহউদ্দিন আহমদ

0
31

স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের প্রতিটি প্রস্তাব অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বুধবার (১৪ জানুয়ারি) সকালে কক্সবাজারের পেকুয়া উপজেলার পেকুয়া আশরাফুল উলুম মাদরাসা মাঠে আয়োজিত বার্ষিক মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, “ঐকমত্যের ভিত্তিতে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের পক্ষে রয়েছে বিএনপি। সনদের বাইরে আমাদের কোনো বক্তব্য নেই। আমরা প্রতিটি প্রস্তাব বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।”

তিনি বলেন, বিএনপি দেশের মানুষের শান্তি-শৃঙ্খলা, আইনের শাসন, গণতান্ত্রিক অধিকার এবং সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে রাজনীতি করে। এসব লক্ষ্য বাস্তবায়নে জাতীয় ঐক্যের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম গ্রহণ করা হবে।

সংবিধান প্রসঙ্গে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথমবারের মতো সংবিধানে ‘বিসমিল্লাহির রহমানির রাহিম’ সংযোজন এবং মহান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাসকে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে অন্তর্ভুক্ত করেছিলেন, যা পরবর্তীতে আওয়ামী লীগ সরকার বিলুপ্ত করে। “আমরা যদি দায়িত্বপ্রাপ্ত হই, তাহলে সংবিধানের মূলনীতিতে মহান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস পুনরায় সংযোজন করব—ইনশাআল্লাহ,” বলেন তিনি।

কক্সবাজার জেলা ওলামাদলের আহ্বায়ক আলী হাছান চৌধুরীর সভাপতিত্বে ও কক্সবাজার বাইতুর রহমান জামে মসজিদের খতিব ক্বারী আতাউল্লাহ গনির সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মাওলানা ইয়াছিন সুলতানী, বদরখালী মদিনাতুল মাদরাসার পরিচালক মাওলানা সোলাইমান, আশরাফুল উলুম মাদরাসার শিক্ষক মাওলানা শহিদ উল্লাহসহ অন্যান্যরা।

অনুষ্ঠান শেষে মেধাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।