চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। বৃহস্পতিবার বোর্ডের এক বিজ্ঞপ্তিতে প্রকাশিত সূচি অনুযায়ী, পরীক্ষা শুরু হবে আগামী ২১ এপ্রিল।
সূচি অনুযায়ী, ২১ এপ্রিল থেকে তত্ত্বীয় পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ২০ মে। প্রতিদিন সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হবে। ব্যবহারিক পরীক্ষা আগামী ৭ জুন থেকে ১৪ জুনের মধ্যে শেষ করতে হবে।
বোর্ড জানিয়েছে, প্রতিবছর সাধারণত ফেব্রুয়ারিতে এসএসসি এবং এপ্রিলে এইচএসসি পরীক্ষা শুরু হলেও গত বছর এবং এ বছর সেই ধারাবাহিকতায় পরিবর্তন এসেছে।
পরীক্ষার্থীদের জন্য বোর্ডের নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষাকক্ষে উপস্থিত হয়ে আসন নিতে হবে এবং প্রশ্নপত্রে উল্লিখিত সময়সূচি অনুযায়ীই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় আগে বহুনির্বাচনি, পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) অংশ হবে এবং দুই অংশের মধ্যে কোনো বিরতি থাকবে না। পরীক্ষার্থীদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে পরীক্ষা শুরুর কমপক্ষে তিন দিন আগে সংগ্রহ করতে হবে এবং পরীক্ষা শুরুর অন্তত সাত দিন আগে সব পরীক্ষার্থীর মধ্যে প্রবেশপত্র বিতরণ নিশ্চিত করার দায়িত্ব প্রতিষ্ঠানপ্রধানের—এতে কোনো জটিলতা হলে দায়ও প্রতিষ্ঠানপ্রধানের ওপর বর্তাবে।
শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার শিক্ষা বিষয়ের ক্ষেত্রে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর প্রতিষ্ঠানগুলো সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে এবং ব্যবহারিক পরীক্ষার নম্বরের সঙ্গে ধারাবাহিক মূল্যায়নের নম্বর বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে পাঠাতে হবে। উত্তরপত্রের ওএমআর ফরমে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোডসহ প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে লিখে বৃত্ত পূরণ করতে হবে এবং কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না। পরীক্ষার্থীকে সৃজনশীল/রচনামূলক, বহুনির্বাচনি ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাস করতে হবে এবং কেবল নিবন্ধনপত্রে উল্লেখিত বিষয়গুলোর পরীক্ষায় অংশ নেওয়ার অনুমতি থাকবে—ভিন্ন বিষয়ে পরীক্ষায় অংশ নেওয়া যাবে না।
বোর্ডের নির্দেশনায় আরও বলা হয়েছে, পরীক্ষায় শিক্ষা বোর্ড অনুমোদিত ক্যালকুলেটর ব্যবহার করা যাবে, তবে কেন্দ্রসচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি বা পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনতে বা ব্যবহার করতে পারবেন না। সৃজনশীল/রচনামূলক, বহুনির্বাচনি ও ব্যবহারিক পরীক্ষায় উপস্থিতির জন্য একই উপস্থিতিপত্র ব্যবহার হবে এবং ব্যবহারিক পরীক্ষা সংশ্লিষ্ট কেন্দ্রেই অনুষ্ঠিত হবে। পরীক্ষার ফল প্রকাশের সাত দিনের মধ্যে পুনঃনিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করতে হবে; আবেদন প্রক্রিয়া, তারিখ ও সময় দৈনিক পত্রিকা এবং শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।