উত্তরায় ছিনতাই হওয়া লাইসেন্সকৃত শটগান ও গুলি উদ্ধার করেছে র‍্যাব

0
33

রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে এক নিরাপত্তা কর্মীর কাছ থেকে ছিনতাইকৃত লাইসেন্সকৃত শটগান ও চার রাউন্ড গুলি উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১। রোববার (১৮ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১-এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিব হাসান।

র‍্যাব সূত্রে জানা যায়, ভিকটিম মো. মাহবুব আলম (৫৭) চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বাসিন্দা এবং একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য। তার নামে তুরস্কে তৈরি একটি বারো বোর শটগান ও ১০টি কার্তুজ লাইসেন্সপ্রাপ্ত ছিল। তিনি গুলশান থানাধীন বারিধারা এলাকায় একটি সিকিউরিটি সার্ভিসেস প্রতিষ্ঠানের মাধ্যমে আলাল গ্রুপের প্রটোকল অফিসার হিসেবে কর্মরত ছিলেন এবং উত্তরা পূর্ব থানার ৬ নম্বর সেক্টরে বসবাস করতেন।

র‍্যাব জানায়, গত শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল ৭টার দিকে উত্তরা পশ্চিম থানার ১৪ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডে ২৪ নম্বর বাসার সামনে অবস্থানকালে মাহবুব আলমের ওপর অতর্কিত হামলা চালায় ছয়জন অজ্ঞাতনামা ব্যক্তি। তারা একটি সাদা প্রাডো গাড়ি, একটি নিসান এক্সট্রেইল ও একটি মোটরসাইকেলে ঘটনাস্থলে আসে। হামলাকারীরা তাকে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করে মাটিতে ফেলে দেয় এবং তার সঙ্গে থাকা শটগান দিয়ে মুখের বাম পাশের চোয়ালে আঘাত করে গুরুতর জখম করে। এ সময় দুর্বৃত্তরা তার লাইসেন্সকৃত শটগান ছিনিয়ে নেয় এবং প্রাডো গাড়ি থেকে নামা এক ব্যক্তিকে জোরপূর্বক নিসান এক্সট্রেইল গাড়িতে তুলে নিয়ে অজ্ঞাত স্থানে অপহরণ করে।

পরে স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত মাহবুব আলমকে প্রথমে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনায় মাহবুব আলমের ছেলে আব্দুল্লাহ বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় অস্ত্রসহ অপহরণ মামলা দায়ের করেন।

এর ধারাবাহিকতায় রোববার (১৮ জানুয়ারি) রাত ১টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১ ঢাকা মহানগর পুলিশের সহায়তায় শেরেবাংলা নগর থানার শ্যামলী কল্যাণ সমিতির একটি গার্মেন্টস গোডাউনে অভিযান চালায়। অভিযানে একটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ছিনতাইকৃত বারো বোর শটগান ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও গুলি সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে।