সাভারের পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে আবারও পোড়া দুই মরদেহ উদ্ধার

0
57

ঢাকার সাভারের পরিত্যক্ত ‘সাভার পৌর কমিউনিটি সেন্টার’ থেকে আবারও দুইটি পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, উদ্ধার হওয়া মরদেহ দুটির একটি নারী এবং অপরটি একটি ছেলে শিশুর হতে পারে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি।

রোববার (১৮ জানুয়ারি) দুপুরে সাভার পৌর এলাকার থানা রোড় মহল্লায় অবস্থিত ওই পরিত্যক্ত কমিউনিটি সেন্টারের ভেতর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সাভার কলেজের কয়েকজন শিক্ষার্থী প্রকৃতির ডাকে সাড়া দিতে ভবনটির ভেতরে প্রবেশ করলে তারা পোড়া মরদেহ পড়ে থাকতে দেখে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি অপারেশন) হেলাল উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ দুটি সম্পূর্ণভাবে পুড়ে যাওয়ায় তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, এর আগেও একই কমিউনিটি সেন্টার থেকে একাধিক মরদেহ উদ্ধার করা হয়েছে। গত ২৯ আগস্ট রাতে ওই স্থান থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়, যার পরিচয় এখনো শনাক্ত হয়নি। এরপর ১১ অক্টোবর রাতে আনুমানিক ৩০ বছর বয়সী এক অজ্ঞাত নারীর অর্ধনগ্ন মরদেহ উদ্ধার করে পুলিশ। সর্বশেষ ১৯ ডিসেম্বর দুপুরে ভবনটির দ্বিতীয় তলার টয়লেট থেকে এক অজ্ঞাত পুরুষের মরদেহ উদ্ধার করা হয়।

একই স্থান থেকে ধারাবাহিকভাবে একাধিক মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত এসব ঘটনার পেছনের প্রকৃত রহস্য কিংবা নিহতদের পরিচয় উদ্ঘাটনে উল্লেখযোগ্য অগ্রগতি জানাতে পারেনি পুলিশ।