নেশার টাকা না পেয়ে মাকে খুন: নরসিংদীতে ঘাতক ছেলে গ্রেপ্তার

0
39

নিহত বিউটি বেগম পলাশ উপজেলার ঘোড়াশাল এলাকার জনতা জুটমিলের একজন শ্রমিক ছিলেন। সোমবার (১৯ জানুয়ারি) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত রবিবার (১৮ জানুয়ারি) সকালে জনতা জুটমিলের মহিলা কোয়ার্টারে এই মর্মান্তিক হামলার শিকার হন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, বিউটি বেগমের ছেলে আবির ওরফে নিশান (২৪) দীর্ঘদিন ধরেই মাদকাসক্ত ছিলেন। ঘটনার দিন রাতে কর্মস্থলে ডিউটি শেষ করে সকালে বাসায় ফেরেন বিউটি বেগম। সকাল ৯টার দিকে ছেলে আবির নেশার জন্য তার কাছে টাকা দাবি করে। মা টাকা দিতে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে আবির ধারালো ছুরি দিয়ে তার মায়ের পেটে আঘাত করে। বিউটি বেগমের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে গুরুতর রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে পাঠায়। একদিন মৃত্যুর সাথে লড়ে অবশেষে সোমবার সকালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

পলাশ থানার ওসি (তদন্ত) মো. কুতুবুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন যে, ঘটনার পরপরই অভিযুক্ত ছেলে আবিরকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।