রাষ্ট্রের চরিত্র বদলের সুযোগ পেয়েছে নতুন ভোটাররা: ফারুক ই আজম

0
38

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বলেছেন, নতুন ভোটাররা এবারই প্রথম সংসদ সদস্য নির্বাচনের পাশাপাশি রাষ্ট্রের চরিত্র পরিবর্তনের ঐতিহাসিক সুযোগ পেয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে বগুড়া সদর উপজেলার ফাঁপোর এলাকায় জেলা তথ্য অফিস আয়োজিত স্থানীয় ভোটারদের নিয়ে এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফারুক ই আজম বলেন, বিগত স্বৈরাচার সরকার সংবিধান থেকে হ্যাঁ–না ভোটের ব্যবস্থা বাতিল করেছিল। কিন্তু এবার গণভোটের মাধ্যমে জনগণের ইতিবাচক রায়ের ভিত্তিতে ভবিষ্যতে সংবিধানে প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে।

তিনি সাধারণ জনগণের উদ্দেশে হ্যাঁ ভোটের পক্ষে যুক্তি তুলে ধরে বলেন, “আপনারা যদি হ্যাঁ ভোট দেন, তাহলে রাষ্ট্রের কাছ থেকে বহুমুখী সুযোগ-সুবিধা পাবেন। আর না ভোট দিলে সেই সুযোগ পাওয়া যাবে না।”

ফ্যাসিস্ট শক্তির পুনরুত্থান ঠেকাতে রাষ্ট্রের চাবিকাঠি জনগণের হাতে রাখার এই সুযোগ যেন জাতি হারিয়ে না ফেলে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

উঠান বৈঠকে সভাপতিত্ব করেন বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান। এতে বগুড়ার পুলিশ সুপার শাহাদাত হোসেনসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।