চুয়াডাঙ্গার দুটি আসনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

0
25

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী চুয়াডাঙ্গার দুটি আসনের ছয়জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) বেলা ১১টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রতীক বরাদ্দ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ কামাল হোসেন আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন। এ সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের প্রস্তাবক-সমর্থকরা উপস্থিত ছিলেন।

রিটার্নিং কর্মকর্তার ঘোষণানুযায়ী, চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শরীফুজ্জামান শরীফ পেয়েছেন ধানের শীষ প্রতীক, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল পেয়েছেন দাঁড়িপাল্লা এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মোহাম্মদ জহুরুল ইসলাম পেয়েছেন হাতপাখা প্রতীক।

অপরদিকে, চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খান বাবু পেয়েছেন ধানের শীষ, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী রুহুল আমিন পেয়েছেন দাঁড়িপাল্লা এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হাসানুজ্জামান সজীব পেয়েছেন হাতপাখা প্রতীক।

প্রতীক বরাদ্দ শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন বলেন, নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে সকল প্রার্থীকে মেনে চলতে হবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা তৎপর রয়েছে।