জামায়াতে ইসলামী শরিয়া ভিত্তিক আইন প্রণয়ন থেকে সরে আসায় ১১ দলীয় জোট টেকেনি: মুফতি ফয়জুল করিম

0
26

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও বরিশাল সদর আসনের প্রার্থী মুফতি সৈয়দ ফয়জুল করিম বলেছেন, ইসলামী হুকুমত কায়েম ও শরিয়াভিত্তিক আইন প্রণয়নের লক্ষ্যে সব ইসলামী দলের ভোট এক বাক্সে আনতেই ১১ দলীয় জোট গঠন করা হয়েছিল।

তবে জামায়াতে ইসলামী শরিয়াভিত্তিক আইন প্রণয়নের নীতি থেকে সরে আসায় তাদের সঙ্গে ঐক্য হয়নি। ফলে আপাতত ইসলামী আন্দোলনের ১১ দলীয় জোটে ফেরার কোনো সম্ভাবনা নেই।

বুধবার (২১ জানুয়ারি) বরিশাল-৫ ও বরিশাল-৬ আসনে প্রতীক বরাদ্দ পাওয়ার পর দুপুরে বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জামায়াতে ইসলামীর আমীরের আসনে ইসলামী আন্দোলন কোনো প্রার্থী দেয়নি। সৌজন্য ও কৃতজ্ঞতাবোধ থেকে বরিশাল সদর আসনে জামায়াতে ইসলামী তাদের প্রার্থীতা প্রত্যাহার করতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন। এ জন্য তিনি জামায়াতে ইসলামী ও তাদের প্রার্থী মোয়াজ্জেম হোসাইন হেলালকে ধন্যবাদ জানান।

আওয়ামী লীগের ভোটাররা কাকে ভোট দিতে পারেন—এমন প্রশ্নের জবাবে মুফতি ফয়জুল করিম বলেন, আওয়ামী লীগের সবাই খারাপ নয় এবং সবার বিরুদ্ধে মামলা নেই। সরকার দলটির কার্যক্রম স্থগিত করেছে, তবে তাদের সমর্থক ও নিরপরাধ নেতা-কর্মীদের ভোটাধিকার রয়েছে। তারা যাকে উপযুক্ত মনে করবে তাকেই ভোট দিতে পারে বলে তিনি মন্তব্য করেন।

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড প্রসঙ্গে তিনি বলেন, প্রচারণা শুরু হলে পরিস্থিতি আরও স্পষ্ট হবে। তবে নির্বাচনকে সামনে রেখে বিনা ওয়ারেন্টে বা এজাহারভুক্ত নয়—এমন কাউকে গ্রেপ্তার না করার দাবি জানান তিনি।

তিনি বলেন, বর্তমানে অনেক মামলায় অল্পসংখ্যক নামীয় আসামির পাশাপাশি অসংখ্য ‘অজ্ঞাত আসামি’ রাখা হয়েছে। নির্বাচনের আগে এসব মামলায় গ্রেপ্তার অভিযান চালানো হলে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ ব্যাহত হবে এবং লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট হবে। এ কারণে তিনি বারবার ওয়ারেন্টবিহীন গ্রেপ্তার না করার আহ্বান জানান।

সংসদে নারী আসন প্রসঙ্গে তিনি বলেন, ইসলামে নারীর অধিকার সুস্পষ্টভাবে নির্ধারিত রয়েছে। শরিয়তের বিধান অনুযায়ী নারীদের সব বৈধ অধিকার নিশ্চিত করা হবে।

নির্বাচনে বিজয়ী হলে বরিশালের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, সমাজের বিভিন্ন শ্রেণি ও পেশাজীবীদের নিয়ে একটি পরামর্শক কমিটি গঠন করে জনচাহিদা নিরূপণের মাধ্যমে উন্নয়নমূলক কার্যক্রম গ্রহণ করা হবে।

মতবিনিময় সভায় বরিশাল-৪ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী ও মুফতি ফয়জুল করিমের ছোট ভাই সৈয়দ এছহাক মুহাম্মদ আবুল খায়ের উপস্থিত ছিলেন।