আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই সন্ত্রাসী ও চাঁদাবাজদের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, এই এলাকায় সন্ত্রাস ও চাঁদাবাজদের কোনো ঠাঁই হবে না। যাদের মনে এমন চিন্তা আছে, তারা আগেই নিজ থেকে ভালো হয়ে যান।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে রাজধানীর উত্তরখান এলাকায় শাহ কবির (রহ.) মাজার প্রাঙ্গণ থেকে আনুষ্ঠানিকভাবে প্রচারণা ও গণসংযোগ শুরুর আগে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, যারা সাধারণ মানুষের সেবা করবেন, তাদের আমরা সাধুবাদ জানাই এবং সবাই মিলে তাদের সেবায় নিয়োজিত থাকবো। দীর্ঘ ৩৮ বছর ধরে রাজনীতির সঙ্গে যুক্ত থেকে তিনি জনসেবায় কাজ করে আসছেন এবং এখনো সেই দায়িত্ব পালন করছেন বলে জানান।
করোনাকালীন সময়ের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, যখন অনেক ক্ষেত্রে বাবা মারা গেলে সন্তান পর্যন্ত লাশ দেখতে যেতে ভয় পেত, তখন উত্তর মহানগর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামানের নেতৃত্বে তারা ঘরে ঘরে গিয়ে মানুষের খোঁজখবর নিয়েছেন এবং সাধ্য অনুযায়ী সহায়তা করেছেন। তিনি স্পষ্ট করে বলেন, বিএনপি কোনো জনদুর্ভোগ সৃষ্টি করে শোডাউন বা মিছিল করবে না। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মানবিক দেশ গড়ার যে আহ্বান জানিয়েছেন, তা বাস্তবায়নে জনভোগান্তি সৃষ্টি করা যাবে না।
বিএনপির মনোনীত এই প্রার্থী আরও বলেন, আল্লাহর অশেষ রহমত ও জনগণের ভোটে সরকার গঠন করতে পারলে তারেক রহমানের পরিকল্পনা অনুযায়ী ফ্যামিলি কার্ড, ফারমার্স কার্ড ও হেলথ কার্ড চালু করা হবে। পাশাপাশি ১৮ মাসের মধ্যে সারা দেশে দেড় কোটি মানুষের কর্মসংস্থানের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।
এদিকে উত্তরখান থানা এলাকার ৪৫ নম্বর ওয়ার্ডে গণসংযোগ চলাকালে বয়োজ্যেষ্ঠ নারী-পুরুষ থেকে শুরু করে তরুণ-তরুণীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। সাধারণ ভোটাররা জানান, ধানের শীষের বিজয়ের পক্ষে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন এবং এলাকার রাস্তা-ঘাটসহ সার্বিক উন্নয়নের স্বার্থে বিএনপি প্রার্থী জাহাঙ্গীর হোসেনকে বিপুল ভোটে জয়ী করবেন।
উত্তরখান থানা বিএনপির সভাপতি সুলতান মাহমুদ বকুলের সভাপতিত্বে আয়োজিত এই প্রচারণা ও গণসংযোগ কর্মসূচিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মো. মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক আখতার হোসেন ও আফাজ উদ্দিনসহ মহানগর ও বিভিন্ন থানা বিএনপি এবং অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।