জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের অভিযোগ করেছেন, কিছু গোষ্ঠী পরিকল্পিতভাবে তার দলের নামে অপপ্রচার চালাচ্ছে। তিনি বলেন, সারাজীবন তারা জনগণের সেবা করার চেষ্টা করেছেন। জুলাই আন্দোলনে জাতীয় পার্টির দুইজন শহিদ হয়েছেন, চারজন আহত হয়েছেন এবং একজন নির্যাতনের শিকার হয়েছেন। অথচ হঠাৎ করে কিছু মানুষ, যাদের তিনি ‘বট বাহিনী’ বলে আখ্যায়িত করেন, তারা তরুণ প্রজন্মের কাছে জাপার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে ঢাকা থেকে রংপুরে পৌঁছে প্রাক্তন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি মাওলানা কেরামত আলী জৌনপুরীর (রহমতুল্লাহি আলাইহি) কবর জিয়ারত করেন এবং কেরামতিয়া মসজিদে দোয়া ও মোনাজাতে অংশ নেন।
জি এম কাদের বলেন, জাতীয় পার্টি সবসময় জনগণের খেদমতের রাজনীতি করে এসেছে। তবে বর্তমান নির্বাচনী পরিস্থিতি এখনো ভালো নয় বলে মন্তব্য করেন তিনি। তার অভিযোগ, বর্তমান সরকার এখন পর্যন্ত নিরপেক্ষ ভূমিকা রাখতে পারেনি।
তিনি আরও বলেন, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে হতে পারে না। সংসদ নির্বাচন সম্পন্ন হওয়ার পর সংসদে প্রস্তাব উত্থাপন ও পাসের মাধ্যমে গণভোটের বিষয়টি আসবে। এ নিয়ে সংসদে আলোচনা ও বিতর্ক হওয়া প্রয়োজন। অথচ বর্তমান সরকার গণভোটের নামে শুধু হ্যাঁ-না ভোটের আয়োজন করছে এবং হ্যাঁ ভোট দিলে দেশ বেহেশত হয়ে যাবে—এমন কথা বলে জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেন জাপা চেয়ারম্যান।