জনসমর্থনের জোয়ার দেখে একটি পক্ষ ভয়ভীতির পরিবেশ তৈরি করছে: নাহিদ ইসলাম

0
46
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, জনসমর্থনের জোয়ার দেখে একটি পক্ষ বিভ্রান্তিমূলক বক্তব্য ও ভয়ভীতির পরিবেশ তৈরি করছে। তিনি বলেন, ভোটকেন্দ্র দখল বা মানুষকে ভয় দেখিয়ে সরানোর চেষ্টা ব্যর্থ হবে।
নাহিদ ইসলাম বলেন, জনগণ ভোটকেন্দ্রের পাহারা দেবে এবং প্রকৃত প্রতিনিধিকে বিজয়ী করবে।
শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে সাতটা থেকে নয়টা পর্যন্ত ভাটারা থানার শাপলাকলির পক্ষে ভোট চাইতে যান নাহিদ ইসলাম। পরে ভাটারা থানার পাশে বাঁশতলা সড়কে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন, যেখানে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এনসিপির নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে একটি নির্বাচনী পথসভা নিয়ে বাঁশতলা থেকে রামপুরা ব্রিজের দিকে যান।
নাহিদ ইসলাম আজ রামপুরা উত্তর ও দক্ষিণে নির্বাচনী প্রচার চালাবেন। এই আসনটি ঢাকার রামপুরা, বাড্ডা, ভাটারা ও হাতিরঝিলের কিছু অংশ নিয়ে গঠিত।
তিনি বলেন, পরিবারতন্ত্র, বৈষম্য ও দুর্নীতিকে ‘না’ বলবেন এবং ইনসাফ, সুশাসন ও প্রকৃত গণতন্ত্রকে ‘হ্যাঁ’ বলবেন। ভোটের দিন সবাইকে কেন্দ্রে নিয়ে আসার জন্য নেতা–কর্মীদের প্রতি আহ্বান জানান। পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার কথাও উল্লেখ করেন।
নাহিদ ইসলাম বলেন, এবারের নির্বাচন ১৬ বছরের ‘ফ্যাসিবাদী শাসনের’ পর প্রথম নির্বাচন এবং এটি নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠার সুযোগ। গণ-অভ্যুত্থানে ছাত্র, শ্রমিক ও সাধারণ মানুষ রক্ত দিয়েছে কেবল সরকার পরিবর্তনের জন্য নয়, বরং গণতন্ত্র, সাম্য ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য। তিনি বলেন, এবার নির্বাচন কেবল ক্ষমতার পালাবদলের নয়, বরং রাষ্ট্রকাঠামো সংস্কার, গণতন্ত্র ও ইনসাফ প্রতিষ্ঠার প্রতীক।
এনসিপির আহ্বায়ক জানান, জনগণের সঙ্গে মিশে কাজ করেছেন এবং ঢাকা-১১ আসনের মানুষ তাঁকে চেনে। এই এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস, যানজট, গ্যাস ও বিদ্যুৎ–সংকটসহ নানা সমস্যা বিরাজ করছে, যা সমাধানের প্রতিশ্রুতি দেন তিনি।
তিনি আরও জানান, ১০ দলীয় জোট নির্বাচনের মাধ্যমে সংসদে যাবে, সরকার গঠন করবে এবং বাংলাদেশকে নেতৃত্ব দেবে।