লালমনিরহাট সীমান্তে অভিযান, যুক্তরাষ্ট্রে তৈরি পিস্তল উদ্ধার

0
30

লালমনিরহাটের সীমান্তবর্তী মোগলহাট বিওপির কাছের মুনিয়ারচর ফলিমারি এলাকায় অভিযান চালিয়ে পলিথিনে মোড়ানো যুক্তরাষ্ট্রে তৈরি একটি পিস্তল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার রাত আনুমানিক ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি জানিয়েছে, উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে লালমনিরহাট সদর থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিজিবি কর্তৃপক্ষ আরও জানায়, জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা ও টহল বাড়ানো হয়েছে। নির্বাচন উপলক্ষে লালমনিরহাট ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার তিনটি সংসদীয় আসনের পাঁচটি উপজেলায় মোট ১৯টি প্লাটুন মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স মোতায়েনের পরিকল্পনাও নেওয়া হয়েছে।

বিজিবির পক্ষ থেকে বলা হয়, নির্বাচনকালীন সময়ে সীমান্ত এলাকায় চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচারসহ সব ধরনের সীমান্ত-সংশ্লিষ্ট অপরাধ প্রতিরোধে অতিরিক্ত সতর্কতা ও তৎপরতার সঙ্গে দায়িত্ব পালন করা হচ্ছে।