মারকরামের ঝড়ে উড়ে গেল ওয়েস্ট ইন্ডিজ, প্রথম টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার ৯ উইকেটের জয়

0
53

আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হারলেও শেষ ম্যাচে জিতে কিছুটা স্বস্তি পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শুরুতেই সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারল না ক্যারিবীয়রা। এইডেন মার্করামের বিধ্বংসী ব্যাটিংয়ে প্রথম ম্যাচে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরেছে রোস্টন চেজের দল।

ম্যাচে আগে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ ২০ ওভারে ৭ উইকেটে তোলে ১৭৩ রান। লক্ষ্য তাড়ায় দক্ষিণ আফ্রিকা মাত্র ১৭.৫ ওভারে ১ উইকেট হারিয়ে ১৭৬ রান করে ১৩ বল হাতে রেখেই ম্যাচ শেষ করে। মার্করাম ৪৭ বলে ৯টি চার ও ৩টি ছক্কায় ৮৬ রানে অপরাজিত থাকেন। তাকে দারুণভাবে সঙ্গ দেন প্রিটোরিয়াস (২৮ বলে ৪৪) এবং রিকেলটন (৩২ বলে ৪০*, ২ চার ১ ছক্কা)।

তবে ম্যাচসেরার পুরস্কার গেছে জর্জ লিন্ডার হাতে। তিনি ২৫ রান দিয়ে নেন ৩ উইকেট, যা ওয়েস্ট ইন্ডিজকে মাঝপথে বড় ধাক্কা দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

টস হেরে ব্যাটিংয়ে নেমে ওয়েস্ট ইন্ডিজ ২৩ বলে ৩৯ রানের উদ্বোধনী জুটি পেলেও এরপর দ্রুত উইকেট হারাতে থাকে। জনসন চার্লস ৯ বলে ১৩, ব্র্যান্ডন কিং ১৬ বলে ২৭ রান করেন। শেরফেন রাদারফোর্ডও বড় ইনিংস খেলতে পারেননি; ১১ রানের মধ্যে ফিরে যান এই তিন ব্যাটার। একপর্যায়ে ক্যারিবীয়দের স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ৯৫। সেখান থেকে শিমরন হেটমায়ার (৪৮) ও রভম্যান পাওয়েল (২৯*) ৫০ বলে ৭৪ রানের জুটি গড়ে দলকে লড়াইয়ের মতো স্কোর এনে দেন।

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচ আজ বৃহস্পতিবার সেঞ্চুরিয়নে অনুষ্ঠিত হবে। এই জয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল।

ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ১৭৩/৭ (হেটমায়ার ৪৮, পাওয়েল ২৯*, কিং ২৭; লিন্ডা ৩/২৫, বশ ২/৩৫)
দক্ষিণ আফ্রিকা: ১৭.৫ ওভারে ১৭৬/১ (মারকরাম ৮৬*, প্রিটোরিয়াস ৪৪, রিকেলটন ৪০*; চেইস ১/৩১)