রাজধানীর উত্তরা পশ্চিম থানার ১১ নম্বর সেক্টরের ২০ নম্বর রোডে একটি কাঁচাবাজারের পাশে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় আগুন লেগে লেপ-তোষকের অন্তত ১২টি দোকান পুড়ে গেছে। বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ জানান, কাঁচাবাজারসংলগ্ন একটি ভবনের দ্বিতীয় তলায় ওয়েল্ডিংয়ের কাজ চলছিল। এ সময় আগুনের ফুলকি নিচে থাকা একটি লেপ-তোষকের দোকানে পড়ে আগুনের সূত্রপাত হয়। এরপর অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলোতে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে সন্ধ্যা ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে লেপ-তোষকের অন্তত ১২টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায়।
ওসি আরও জানান, প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ জানা যায়নি। ক্ষয়ক্ষতির হিসাব নিরূপণের কাজ চলছে।
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, সন্ধ্যা ৬টার দিকে আগুনের খবর পেয়ে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।