শেরপুরে জামায়াত নেতা হত্যার দায় তারেক রহমানকে নিতে হবে: সাদেক কায়েম

0
35

জামায়াত-বিএনপি সংঘর্ষে শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা রেজাউল করিম নিহত হওয়ার ঘটনায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে দায় নিতে হবে বলে মন্তব্য করেছেন ডাকসু ভিপি সাদেক কায়েম।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে সিলেট নগরীর চৌহাট্টা এলাকায় ঐক্যবদ্ধ ছাত্র সংসদের আয়োজনে অনুষ্ঠিত এক গণজমায়েতে তিনি এ মন্তব্য করেন।

সাদেক কায়েম বলেন, যারা রেজাউল করিমকে হত্যা করেছে, তাদের বিচার নিশ্চিত করতে হবে এবং “এই হত্যার দায় তারেক রহমানকেও নিতে হবে”। তার দাবি, তারেক রহমান ‘প্ল্যানের’ কথা বললেও ওই প্ল্যানের মাধ্যমে “গুন্ডাদের সামলাতে পারেননি”, তাই দায় এড়ানো যাবে না।

বিএনপির সমালোচনা করে তিনি আরও বলেন, গত এক সপ্তাহে দেশের বিভিন্ন স্থানে বিএনপির কর্মীরা তাদের “মা-বোনদের ওপর হামলা করেছে” বলে তিনি অভিযোগ করেন। এ ধরনের ঘটনা আবার ঘটলে প্রতিরোধ করা হবে বলেও তিনি বক্তব্য দেন এবং ২০২৪ সালের জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে বলেন, আন্দোলনের মাধ্যমে তৎকালীন সরকার পতনের ঘটনা ঘটেছিল।

সাদেক কায়েম আরও দাবি করেন, বিএনপি শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার আদর্শ থেকে সরে এসে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও সন্ত্রাসের রাজনীতি করছে।

নির্বাচন কমিশন নিয়েও সমালোচনা করে তিনি বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কমিশন কী পদক্ষেপ নিচ্ছে—এ নিয়ে জনমনে প্রশ্ন আছে। তিনি সতর্ক করে বলেন, নির্বাচন সুষ্ঠু না হলে কমিশনের পরিণতি আরও খারাপ হতে পারে এবং কমিশনের দায়িত্ব একটি গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করা।

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, দেশের ছাত্রসমাজ ও সাধারণ নাগরিকরা ‘হ্যাঁ’-এর পক্ষে অবস্থান নিয়েছে এবং ১২ ফেব্রুয়ারির গণভোটে প্রথম সিল ‘হ্যাঁ’-এর পক্ষেই পড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।