যুক্তরাষ্ট্র থেকে ৫৮,৩৫৯ টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে

0
18
যুক্তরাষ্ট্র থেকে ৫৮,৩৫৯ টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে

যুক্তরাষ্ট্র থেকে আরও ৫৮ হাজার ৩৫৯ টন গম নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। শনিবার (৩১ জানুয়ারি) খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আলোকে নগদ ক্রয়চুক্তি জি-টু-জি-২ এর অধীনে এসব গম আমদানি করা হয়েছে। ‘এমভি ডব্লিউএফ আরটেমিস’ নামের জাহাজটি গমের এই চালান নিয়ে চট্টগ্রাম বন্দরে এসেছে।

খাদ্য মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ সরকার-টু-সরকার (জি-টু-জি) ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। জি-টু-জি-২ চুক্তির আওতায় মোট ২ লাখ ২০ হাজার টন গম আমদানি করা হবে। এর তৃতীয় চালান হিসেবে ৫৮ হাজার ৩৫৯ টন গম নিয়ে জাহাজটি বর্তমানে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থান করছে।

এর আগে প্রথম ও দ্বিতীয় চালানে মোট ১ লাখ ১৪ হাজার ৯৩ টন গম দেশে এসেছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

জাহাজে থাকা গমের নমুনা পরীক্ষার কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। পরীক্ষা শেষে দ্রুত গম খালাসে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।