আজও দূষিত শহরের তালিকায় ঢাকা, বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’

0
38
আজও দূষিত শহরের তালিকায় ঢাকা, বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’

শুষ্ক ও ঠান্ডা আবহাওয়ায় বাতাসে ক্ষতিকর ধূলিকণার ঘনত্ব বেড়ে যাওয়ায় আজও বিশ্বের দূষিত শহরের তালিকায় উপরের দিকেই রয়েছে ঢাকা। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, রোববার (১ ফেব্রুয়ারি) ঢাকার বাতাসের মান ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, রোববার সকাল সাড়ে ৯টার দিকে রাজধানী ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ছিল ২৩৭। এই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা তৃতীয় অবস্থানে রয়েছে।

একই সময়ে তালিকার শীর্ষে ছিল মঙ্গোলিয়ার রাজধানী উলান বাটোর (একিউআই ২৫১) এবং দ্বিতীয় অবস্থানে ছিল মিশরের কায়রো (একিউআই ২৪১)। চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে ভারতের দিল্লি (একিউআই ১৯৪) এবং নেপালের কাঠমান্ডু (একিউআই ১৮৩)।

আন্তর্জাতিক একিউআই মানদণ্ড অনুযায়ী, ০–৫০ স্কোর ‘ভালো’, ৫১–১০০ ‘মাঝারি’ এবং ১০১–১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। ১৫১–২০০ স্কোরকে সাধারণভাবে ‘অস্বাস্থ্যকর’ বলা হয়। একিউআই ২০১–৩০০ হলে তা ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১–৪০০ হলে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত। এ ধরনের পরিস্থিতিতে শিশু, বয়স্ক ও অসুস্থদের ঘরের ভেতরে থাকা এবং অন্যদের বাইরের কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দিয়ে থাকেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।