নেদারল্যান্ডসকে ৭ উইকেটে হারিয়ে অপরাজিত বাংলাদেশ

0
37

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচেও দাপট দেখাল বাংলাদেশ নারী দল। নেপালের মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে নেদারল্যান্ডসকে ৭ উইকেটে হারিয়ে টুর্নামেন্ট শেষ করেছে টেবিলের শীর্ষে থেকে—একমাত্র অপরাজিত দল হিসেবে। সাত ম্যাচে সাত জয়ের নিখুঁত রেকর্ড নিয়ে বিশ্বকাপের মূল পর্বে গেল নিগার সুলতানা জ্যোতির দল।

রোববার টসে জিতে ব্যাটিং নেয় নেদারল্যান্ডস। শুরু থেকেই বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণে ডাচ ব্যাটাররা নিয়মিত উইকেট হারায় এবং ২০ ওভারে ৬ উইকেটে তোলে ১০২ রান। নেদারল্যান্ডসের হয়ে সানিয়া খুরানা ৩৭ বলে অপরাজিত ৪৩ রান করেন, আর রবিনে রিজকে ৪৫ বলে ৩৯ রান যোগ করেন। বাংলাদেশের পক্ষে নাহিদা আক্তার ছিলেন সবচেয়ে সফল। তিনি ৪ ওভারে মাত্র ১০ রান দিয়ে নেন ৩ উইকেট। এ ছাড়া মারুফা আক্তার, স্বর্ণা আক্তার ও রাবেয়া খান একটি করে উইকেট নেন।

১০৩ রানের লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ৬ রানের মধ্যে দুই ওপেনার দিলারা আক্তার ও জুয়াইরিয়া ফেরদৌস ফিরে গেলে চাপ তৈরি হয়। তবে শারমিন আক্তার সুপ্তা ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি সেই চাপ সামাল দেন। শারমিন ২৮ বলে ১৩ রান করে আউট হলেও অন্য প্রান্তে স্থির থাকেন জ্যোতি।

পরে জ্যোতির সঙ্গে যোগ দেন সোবহানা মোস্তারী। সহজ লক্ষ্য হওয়ায় ঝুঁকিহীন, পরিকল্পিত ব্যাটিংয়ে ম্যাচ বের করে আনেন তারা। অধিনায়ক জ্যোতি টানা দ্বিতীয় ম্যাচে ফিফটি পূর্ণ করে ৪৪ বলে ৭টি চারের সাহায্যে অপরাজিত ৫০ রান করেন। সোবহানা মোস্তারী ২৩ বলে অপরাজিত ৩৩ রান করে জয়ের কাজ শেষ করেন। বাংলাদেশ ১৬.৪ ওভারে ৩ উইকেটে ১০৫ রান তুলে ২০ বল হাতে রেখেই ম্যাচ জিতে নেয়।

এর আগে টানা পাঁচ জয়ে বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করেছিল বাংলাদেশ। শেষ দুই ম্যাচে স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসকে বড় ব্যবধানে হারিয়ে বাছাইপর্বে নিজেদের আধিপত্য আরও স্পষ্ট করল নিগারদের দল। ম্যাচসেরা হন নাহিদা আক্তার।