দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় সাহসিকতার সঙ্গে কাজ করতে হবে: অতিরিক্ত আইজিপি

0
27
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় সাহসিকতার সঙ্গে কাজ করতে হবে: অতিরিক্ত আইজিপি

রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ১৬৯তম ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে একাডেমির প্যারেড গ্রাউন্ডে এ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন পুলিশ একাডেমির অধ্যক্ষ অতিরিক্ত আইজিপি তওফিক মাহবুব চৌধুরী। পরে তিনি বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। সমাপনী কুচকাওয়াজে মোট ৪১৮ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।

কুচকাওয়াজে আবু বক্কর ছিদ্দিক (পিএ/৭৩৪) বেস্ট টিআরসি নির্বাচিত হন। বেস্ট একাডেমিক হিসেবে জাহিদ হাসান (পিএ/৬২০), বেস্ট ইন ফিল্ড অ্যাক্টিভিটিস হিসেবে মিলন ইসলাম (পিএ/৪৪৪) এবং বেস্ট শুটার হিসেবে মোমিনুল ইসলাম (পিএ/২৪১) নির্বাচিত হন।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত আইজিপি তওফিক মাহবুব চৌধুরী বলেন, সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। আইন মেনে সাধারণ মানুষের সেবা নিশ্চিত করা এবং দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় সাহসিকতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেন তিনি। একই সঙ্গে মাদক, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে জনগণের আস্থা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, দেশ ও জাতির ক্রান্তিকালে বাংলাদেশ পুলিশ সবসময় অগ্রণী ভূমিকা রেখেছে। পুলিশের কর্মপরিধি বাড়ার সঙ্গে দায়বদ্ধতাও বেড়েছে, তাই সেবা ও দক্ষতার মাধ্যমে নিজেদের যোগ্যতার প্রমাণ দিতে হবে।