দৌলতদিয়া ঘাটে পদ্মায় লাফিয়ে নিখোঁজ যুবকের সন্ধান দুই দিনেও মেলেনি, উদ্ধার অভিযান চলমান

0
37
দৌলতদিয়া ঘাটে পদ্মায় লাফিয়ে নিখোঁজ যুবকের সন্ধান দুই দিনেও মেলেনি, উদ্ধার অভিযান চলমান

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে পদ্মা নদীতে লাফিয়ে পড়ে নিখোঁজ হওয়া যুবক রেজাউল শিকদার (৩৫)-এর সন্ধান দুই দিনেও পাওয়া যায়নি। মঙ্গলবার বিকেল থেকে উদ্ধার অভিযান শুরু হলেও বুধবার পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি।

নিখোঁজ রেজাউল দৌলতদিয়া শাহাদাৎ মেম্বার পাড়ার মৃত মহিউদ্দিন শিকদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি ফেরিতে হকারি করতেন এবং জুয়া খেলার সঙ্গেও জড়িত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে ৩ নম্বর ফেরিঘাটে এক যাত্রীর সঙ্গে রেজাউলের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে তিনি নদীতে লাফ দেন। পরে ওই যাত্রীও নদীতে ঝাঁপিয়ে পড়েন। স্থানীয়রা যাত্রীকে উদ্ধার করতে পারলেও রেজাউল সাঁতরে পাড়ে উঠতে গিয়ে একসময় পানিতে তলিয়ে যান।

খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করেন। পরে মানিকগঞ্জ থেকে আসা ডুবুরি দলও অভিযানে যোগ দেয়।

নিখোঁজের বড় ভাই হারুন শিকদার অভিযোগ করে বলেন, তার ভাইকে ষড়যন্ত্র করে নদীতে ফেলে দেওয়া হয়েছে। তিনি দাবি করেন, ফেরিতে জুয়া ও ছিনতাইয়ের সঙ্গে জড়িতদের আটক করলে প্রকৃত তথ্য বেরিয়ে আসবে।

গোয়ালন্দ উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো. আব্দুল বাছেদ জানান, বুধবার সকাল ১০টা থেকে আবার উদ্ধার অভিযান শুরু হয়েছে এবং মানিকগঞ্জের ডুবুরি দলও তাদের সঙ্গে কাজ করছে। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার না করা পর্যন্ত অভিযান চলবে বলেও তিনি জানান।