মাদারীপুর-২ আসনে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১০

0
36
মাদারীপুর-২ আসনে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১০

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মাদারীপুর-২ (সদর ও রাজৈর উপজেলা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী জাহান্দার আলী মিয়া ও স্বতন্ত্র প্রার্থী মিল্টন বৈদ্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের কালির বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় স্বতন্ত্র প্রার্থী মিল্টন বৈদ্য তার কলস প্রতীকের পক্ষে নির্বাচনী গণসংযোগ চালাচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, প্রচারণাকালে বিএনপির মনোনীত প্রার্থী জাহান্দার আলী মিয়ার (ধানের শীষ প্রতীক) সমর্থকদের সঙ্গে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মুখোমুখি অবস্থান তৈরি হয়। উভয় পক্ষ নিজ নিজ প্রতীকের স্লোগান দিতে থাকলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ধাক্কাধাক্কির পর দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা।

সংঘর্ষে বেল্লাল বেপারি, অ্যাডভোকেট মহিদুল মাতুব্বরসহ আরও কয়েকজন আহত হন। আহতদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের মাদারীপুর জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার পর কালির বাজার ও আশপাশের এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। খবর পেয়ে সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

ধানের শীষ প্রতীকের সমর্থকরা অভিযোগ করেন, কলস প্রতীকের কর্মীরা তাদের নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করেছে এবং ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলেছে। অপরদিকে স্বতন্ত্র প্রার্থী মিল্টন বৈদ্য অভিযোগ করে বলেন, ধানের শীষ প্রতীকের সমর্থকরা তার ওপর ও তার কর্মীদের ওপর হামলা চালিয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।