কুমিল্লার দাউদকান্দি উপজেলায় হাঁস চুরির অপবাদ দিয়ে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার মালিগাঁও ইউনিয়নের মালিগাঁও গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ দুইজনকে আটক করেছে।
নিহত যুবকের নাম সাঈদ ভূঁইয়া (২৩)। তিনি মালিগাঁও গ্রামের আলাউদ্দিন ভূঁইয়ার ছেলে এবং পেশায় একজন রাজমিস্ত্রি। বুধবার (৪ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আব্দুল হালিম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিনের বেলায় মালিগাঁও গ্রামের আব্দুর রাজ্জাক মিয়া অভিযোগ করেন যে, সাঈদ তার হাঁস চুরি করেছে। এ অভিযোগ নিয়ে তিনি সাঈদের বাবা আলাউদ্দিন ভূঁইয়ার সঙ্গে কথা বলেন। তখন আলাউদ্দিন ভূঁইয়া জানান, যদি তার ছেলে সত্যিই হাঁস চুরি করে থাকে, তবে বাড়িতে ফিরে এলে তিনি বিচার করে ক্ষতিপূরণ দেবেন। এতে রাজ্জাক মিয়া ক্ষুব্ধ হয়ে সেখান থেকে চলে যান।
এরপর রাত ১১টার দিকে স্থানীয় কয়েকজন ব্যক্তি সাঈদকে আটক করে হাঁস চুরির অপবাদ দিয়ে মারধর করে গুরুতর আহত করেন। পরে তাকে গ্রামের আলমের মুদির দোকানের সামনে ফেলে রাখা হয়। খবর পেয়ে সাঈদের বাবা অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মালিগাঁও স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাঈদকে মৃত ঘোষণা করেন।
ওসি এম আব্দুল হালিম জানান, এ ঘটনায় মালিগাঁও গ্রামের মো. জসিম মিয়া (৩৫) ও মো. ওমর সানি (৩০) নামে দুইজনকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।