ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ

0
35
ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি করেছে সংগঠনটি। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে এক বার্তায় ইনকিলাব মঞ্চ এ তথ্য জানায়। বার্তায় বলা হয়, “জাবের ভাই গুলিবিদ্ধ।”

সংগঠন ও সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, জাতিসংঘের অধীনে শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত, এবং ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা করেন। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ার গ্যাস ব্যবহার করে। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এদিকে, আবদুল্লাহ আল জাবেরের ফেসবুক আইডি থেকে দেওয়া একটি পোস্টে জানানো হয়, তিনি গুলিবিদ্ধ হয়েছেন। একই পোস্টে দাবি করা হয়, ডাকসুর মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ফাতেমা তাসনিম জুমা ও রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মারসহ আরও কয়েকজন আহত হয়েছেন এবং কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

পরিস্থিতি শান্তভাবে মোকাবিলার আহ্বান জানিয়ে সংগঠনের পক্ষ থেকে বলা হয়, আপাতত কোনো জমায়েত না করতে এবং চিকিৎসা শেষে পুনরায় রাজপথে নামার কথাও জানানো হয়।

ইনকিলাব মঞ্চ হাদি হত্যার তদন্ত জাতিসংঘের অধীনে নেওয়ার দাবিতে দ্বিতীয় দিনের মতো হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছিল। সংগঠনটির নেতাকর্মীরা জানিয়েছেন, এ বিষয়ে সরকারের আনুষ্ঠানিক পদক্ষেপ না আসা পর্যন্ত তাদের আন্দোলন চলবে। বৃহস্পতিবার বিকেল থেকে রাতভর অবস্থান কর্মসূচিতে হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা, আবদুল্লাহ আল জাবের এবং ডাকসু নেত্রী ফাতেমা তাসনিম জুমাসহ অন্যরা অংশ নেন বলে জানানো হয়েছে।