কুয়ালালামপুরে স্পাইডার লিফট উল্টে বাংলাদেশি শ্রমিক নিহত

0
35
কুয়ালালামপুরে স্পাইডার লিফট উল্টে বাংলাদেশি শ্রমিক নিহত

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের জালান পেরাক এলাকায় কাজ করার সময় একটি ‘স্পাইডার লিফট’ (ছোট ধরনের ক্রেন) উল্টে চাপা পড়ে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত ১০টা ৪০ মিনিটের দিকে সাইনবোর্ড মেরামতের কাজ চলাকালে দুর্ঘটনাটি ঘটে।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, নিহত বাংলাদেশি শ্রমিক রিমোট কন্ট্রোলের মাধ্যমে স্পাইডার লিফটটি পরিচালনা করছিলেন। ফুটপাতের ধারে ধাক্কা লাগলে ক্রেনটি হঠাৎ ভারসাম্য হারিয়ে উল্টে যায় এবং তার ওপর পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।

দুর্ঘটনার সময় ক্রেনটি পাশের একটি প্রোটন পারসোনা এবং একটি বিএমডব্লিউ ৫২৩আই গাড়ির ওপরও আছড়ে পড়ে। তবে গাড়ি দুটির ভেতরে থাকা কেউ আহত হননি বলে জানিয়েছে পুলিশ।

কুয়ালালামপুর ট্রাফিক তদন্ত ও প্রয়োগ বিভাগের প্রধান অ্যাসিস্ট্যান্ট কমিশনার মোহাম্মদ জামজুরি মোহাম্মদ ঈসা জানান, ঘটনাটি সড়ক পরিবহন আইন ১৯৮৭-এর ধারা ৪১(১) অনুযায়ী তদন্ত করা হচ্ছে। সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান এবং ক্রেন মালিকের পরিচয় শনাক্তের কাজ চলছে। কুয়ালালামপুর সিটি হলের অনুমোদিত বৈধ পারমিট ছিল কি না, সেটিও যাচাই করা হচ্ছে। পাশাপাশি সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দুর্ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত করার চেষ্টা চলছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি সম্পর্কে কারও কাছে কোনো তথ্য বা প্রত্যক্ষদর্শীর বক্তব্য থাকলে নিকটস্থ থানায় অথবা ট্রাফিক পুলিশের ০৩-২০৭১ ৯৯৯৯ হটলাইন নম্বরে যোগাযোগ করতে।