হেটমায়ার–শেফার্ডের দাপটে স্কটল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ শুরু করল ওয়েস্ট ইন্ডিজ

0
39
হেটমায়ার–শেফার্ডের দাপটে স্কটল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ শুরু করল ওয়েস্ট ইন্ডিজ

বিতর্ক ও অনিশ্চয়তার আবহে শুরু হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম দিনেই জমে উঠল উত্তেজনা। কলকাতার ইডেন গার্ডেন্সে স্কটল্যান্ডকে ৩৫ রানে হারিয়ে দাপুটে সূচনা করল দুবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। ব্যাট হাতে রেকর্ড গড়া শিমরন হেটমায়ার এবং বল হাতে হ্যাটট্রিকসহ পাঁচ উইকেট নেওয়া রোমারিও শেফার্ডের পারফরম্যান্সে প্রথম ম্যাচেই শক্ত বার্তা দিল ক্যারিবিয়ানরা।

এই ম্যাচে স্কটল্যান্ডের বদলে প্রতিপক্ষ হওয়ার কথা ছিল বাংলাদেশের। তবে নিরাপত্তা শঙ্কা ও ভেন্যু পরিবর্তন নিয়ে জটিলতার কারণে শেষ পর্যন্ত বিশ্বকাপের বাইরে ছিটকে যায় বাংলাদেশ। তাদের জায়গায় সুযোগ পাওয়া স্কটল্যান্ড শুরুতে লড়াই করলেও শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি ম্যাচের নিয়ন্ত্রণ।

টসে জিতে ফিল্ডিং নেওয়া স্কটিশরা পাওয়ার প্লেতে ওয়েস্ট ইন্ডিজকে আটকে রাখে মাত্র ৩৩ রানে। যদিও ব্রেন্ডন কিং ও শাই হোপের ওপেনিং জুটিতে উইকেট না হারানোয় ভিত্তি ছিল মজবুত। এরপর ইনিংসের হাল ধরেন শিমরন হেটমায়ার। অধিনায়ক রোভম্যান পাওয়েলকে সঙ্গে নিয়ে ঝড়ো ব্যাটিংয়ে তিনি রানগতি বাড়ান।

মাত্র ২২ বলে ফিফটি পূর্ণ করে টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের হয়ে দ্রুততম অর্ধশতকের রেকর্ড গড়েন হেটমায়ার। ২০০৯ সালে ক্রিস গেইলের গড়া রেকর্ড ভেঙে শেষ পর্যন্ত তিনি ৩৬ বলে করেন ৬৪ রান। শেষ দিকে পাওয়েল ও শেরফান রাদারফোর্ডের দ্রুত রান ক্যারিবিয়ানদের নিয়ে যায় ৫ উইকেটে ১৮২ রানে।

লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই ধাক্কা খায় স্কটল্যান্ড। তবে রিচি বেরিংটন ও টম ব্রুসের ৭৮ রানের জুটিতে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় তারা। কিন্তু ১৭তম ওভারে রোমারিও শেফার্ডের বিধ্বংসী বোলিংয়ে সব হিসাব পাল্টে যায়।

একই ওভারে হ্যাটট্রিকসহ চার উইকেট তুলে নিয়ে স্কটল্যান্ডের ব্যাটিং লাইনআপ ভেঙে দেন শেফার্ড। ম্যাথু ক্রস, মাইকেল লিস্ক ও অলিভার ডেভিডসনকে পরপর আউট করে পূর্ণ করেন হ্যাটট্রিক। পরে আরও একটি উইকেট নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের প্রথম পাঁচ উইকেট পূর্ণ করেন তিনি। ৩ ওভারে ২০ রান দিয়ে ৫ উইকেট নেওয়া এই পারফরম্যান্স বিশ্বকাপ ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

এটি টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসের দশম হ্যাটট্রিক। এখন পর্যন্ত ৯ জন বোলার এই কীর্তি গড়েছেন, যেখানে প্যাট কামিন্স একাই দুবার হ্যাটট্রিক করেছেন। শেফার্ডের এই বোলিং ফিগার ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ ইতিহাসে দ্বিতীয় সেরা হিসেবেও জায়গা করে নিয়েছে।

শেষ পর্যন্ত স্কটল্যান্ড ১৮.৫ ওভারে ১৪৭ রানে অলআউট হলে ৩৫ রানের জয় নিশ্চিত করে ওয়েস্ট ইন্ডিজ। ব্যাট হাতে রেকর্ড গড়া ইনিংসের জন্য ম্যাচসেরা নির্বাচিত হন শিমরন হেটমায়ার। আত্মবিশ্বাসী ক্যারিবিয়ানরা এবার ১১ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে, আর স্কটল্যান্ডের সামনে অপেক্ষা করছে ইতালির চ্যালেঞ্জ।