নির্বাচন পর্যবেক্ষণে পর্যবেক্ষক দল পাঠাবে চীন

0
27
নির্বাচন পর্যবেক্ষণে পর্যবেক্ষক দল পাঠাবে চীন

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য বাংলাদেশে তিনজন অফিসিয়াল পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে চীন। সংশ্লিষ্ট সূত্র জানায়, কূটনৈতিক পত্রের মাধ্যমে চীন সরকার এই আগ্রহের বিষয়টি জানিয়েছে। সূত্রের দাবি অনুযায়ী, পর্যবেক্ষকরা ভোটের আগে বাংলাদেশে এসে প্রাক্‌-নির্বাচনী প্রস্তুতি, ভোটগ্রহণ ও সংশ্লিষ্ট কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করবেন। এ কাজে ঢাকায় চীনা দূতাবাসের কর্মকর্তাদের একটি টিমও সহায়তা করবে।

সূত্রগুলো বলছে, ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চীন প্রথমবারের মতো অফিসিয়ালি তিনজন পর্যবেক্ষক পাঠিয়েছিল। সে ধারাবাহিকতায় এবারও একটি ছোট কিন্তু সরকারি পর্যবেক্ষক দল পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। চীনের পররাষ্ট্রনীতিতে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে ‘অ-হস্তক্ষেপ’ নীতির কথা উল্লেখ করে সংশ্লিষ্টরা বলছেন, নির্বাচনকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হিসেবে দেখেই চীন পর্যবেক্ষক পাঠানোর মাধ্যমে প্রক্রিয়া পর্যবেক্ষণ করতে চায়।

নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী বিদেশি পর্যবেক্ষকরা প্রাক্‌-নির্বাচনী প্রস্তুতি, প্রচার, ভোটগ্রহণ, গণনা ও ফল ঘোষণার বিভিন্ন ধাপ পর্যবেক্ষণ করতে পারেন। এদিকে নির্বাচন কমিশন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বিদেশি পর্যবেক্ষকদের অ্যাক্রেডিটেশন প্রক্রিয়াও চলমান রয়েছে।

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই)সহ অবকাঠামো, বাণিজ্য ও প্রতিরক্ষা সহযোগিতায় বাংলাদেশের সঙ্গে চীনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সে প্রেক্ষাপটে নির্বাচন পর্যবেক্ষণে চীনের উপস্থিতি নির্বাচন-পরবর্তী সরকারের সঙ্গে সম্পর্ক বজায় রাখা ও স্থিতিশীলতা পর্যবেক্ষণের কৌশলগত আগ্রহের অংশ হতে পারে বলেও তারা মনে করছেন।