শেরপুরের সদর উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে পরিচালিত বিশেষ যৌথ অভিযানে পুলিশ থেকে লুট হওয়া একটি শর্টগানসহ হারেজ মিয়া (৩২) নামে একজনকে আটক করা হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) ভোররাতে গোয়েন্দা সংস্থার গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার সাপমারী ও ভাতশালা ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়।
আটক হারেজ মিয়া শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের সাপমারী পশ্চিম সৈনিক পাড়া গ্রামের মৃত জুবেদ আলীর ছেলে। যৌথ বাহিনীর সূত্র জানায়, হারেজের কাছ থেকে উদ্ধার হওয়া শর্টগানটি ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের সময় একটি পুলিশ কেন্দ্র থেকে লুট করা হয়েছিল—এমন তথ্য প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।
সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত অভিযানে অস্ত্রধারী ব্যক্তির অবস্থানের খবর পেয়ে ওই এলাকায় তল্লাশি চালানো হয়। অভিযানের এক পর্যায়ে হারেজ মিয়াকে হাতেনাতে আটক করা হয় এবং তার কাছ থেকে শর্টগানটি উদ্ধার করা হয়। পরে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে তাকে উদ্ধার করা অস্ত্রসহ শেরপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, উদ্ধার হওয়া শর্টগানটি তাদের থানার অস্ত্র।
বাংলাদেশ সেনাবাহিনী বলেছে, জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং অবৈধ অস্ত্র উদ্ধারে তারা প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে নিকটস্থ সেনা ক্যাম্প বা আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে তারা।
উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশব্যাপী যৌথ বাহিনীর বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।