নওগাঁর বদলগাছীতে বোমা সদৃশ বস্তু উদ্ধার

0
21
নওগাঁর বদলগাছীতে বোমা সদৃশ বস্তু উদ্ধার

নওগাঁর বদলগাছীতে একটি মুদির দোকানের পাশ থেকে বিস্ফোরক সন্দেহজনক বস্তু উদ্ধার করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার কোলা ইউনিয়নের ঝাড়ঘরিয়া গ্রামে ওই দোকানের পাশ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসব সামগ্রী উদ্ধার করে। উদ্ধারকৃত বস্তু বোমা কি না তা নিশ্চিত হতে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের পরীক্ষার অপেক্ষা করা হচ্ছে।

স্থানীয় ও আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে কয়েকটি বোতল, ছোট কৌটা এবং বোমা তৈরিতে ব্যবহৃত হতে পারে—এমন কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধার সামগ্রীর মধ্যে চারটি পেট্রোলবোমা সদৃশ বস্তু, একটি খালি বোতল এবং আটটি ছোট কৌটা রয়েছে বলে জানানো হয়েছে।

র‍্যাবের ডিএডি আশরাফুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে একটি ছোট বস্তায় কার্টনে মোড়ানো অবস্থায় এসব সামগ্রী উদ্ধার করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

তবে দোকান মালিক সম্পদ সরদার দাবি করেছেন, উদ্ধার হওয়া সামগ্রীর সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। তিনি বলেন, তিনি কিডনি রোগী এবং দোকানের আয় দিয়েই সংসার চালান। তার অভিযোগ, তিনি কলস মার্কায় ভোট করছেন বলেই তাকে ষড়যন্ত্র করে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।

সম্পদ সরদারের স্ত্রী বিউটি বেগম জানান, সকাল সাড়ে ৬টার দিকে চারজন ব্যক্তি মোটরসাইকেলে এসে চা খাওয়ার কথা বলে দোকানে বসেন এবং নানা প্রশ্ন করেন। তিনি দাবি করেন, তারা একটি ব্যাগ দোকানের পাশে রেখে যেতে চাইলে তিনি প্রশ্ন করেন; তখন তাকে ধমক দিয়ে বলা হয় ব্যাগে হাত না দিতে। পরে তারা নিজেদের র‍্যাব সদস্য বলে পরিচয় দিয়ে চলে যান। এরপর কিছুক্ষণ পর র‍্যাব সদস্যরা এসে বস্তা খুলে বলেন, এর মধ্যে বোমা আছে।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান বলেন, ছোট একটি বস্তার ভেতর থেকে চারটি বোতল, সাত-আটটি কৌটা ও কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। সেনাবাহিনী, র‍্যাব, বিজিবি, এপিবিএন ও পুলিশ যৌথভাবে কাজ করছে। বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট পরীক্ষা না করা পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে।