নড়িয়ায় ৭ লাখ ২০ হাজার টাকাসহ জামায়াত কর্মী আটক, ২ বছরের কারাদণ্ড

0
39
নড়িয়ায় ৭ লাখ ২০ হাজার টাকাসহ জামায়াত কর্মী আটক, ২ বছরের কারাদণ্ড

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় সাত লাখ ২০ হাজার টাকা উদ্ধারসহ গোলাম মোস্তফা নামে জামায়াতে ইসলামীর এক কর্মীকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে নড়িয়া পৌরসভার বৈশাখীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

সূত্র জানায়, দুপুরে বৈশাখীপাড়া এলাকায় জামায়াতের কর্মী জলিল মাস্টারের বাড়িতে ব্যাগভর্তি টাকা নিয়ে কয়েকজন ব্যক্তি প্রবেশ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে যান নড়িয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি)। পরে বাড়িটি তল্লাশি করে নগদ ৭ লাখ ২০ হাজার টাকা, একটি ল্যাপটপ, কিছু খালি খাম এবং অর্থ বিতরণসংক্রান্ত কাগজপত্র উদ্ধার করা হয়। এ সময় চারজনকে আটক করা হয়। যাচাই-বাছাই শেষে আটক ব্যক্তিদের মধ্যে গোলাম মোস্তফাকে ভ্রাম্যমাণ আদালতে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়।

এ বিষয়ে নড়িয়ার সহকারী কমিশনার (ভূমি) লাকী দাস বলেন, সহকারী রিটার্নিং অফিসার হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একাধিক অভিযোগ আসে—একটি নির্দিষ্ট প্রার্থীর পক্ষে জামায়াতের কিছু কর্মী বিভিন্ন এলাকায় টাকা বিতরণ করছেন। পাশাপাশি একটি বাসায় নাশকতার পরিকল্পনা হচ্ছে—এমন তথ্যও পাওয়া যায় বলে জানান তিনি।

তিনি আরও বলেন, এসব অভিযোগের ভিত্তিতেই অভিযান চালানো হয়। অভিযানে নগদ অর্থ, ল্যাপটপ, খালি খাম এবং অর্থ বিতরণ সম্পর্কিত কাগজপত্র পাওয়া যায়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে যাচাই-বাছাই করে একজনকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।